Dhaka Mail Logo

আইন-আদালত

জামিন পাননি আ.লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম

সরকার উৎখাতের ষড়যন্ত্রের অপরাধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়ায় মামলায় পতিত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

একইসঙ্গে নামঞ্জুর করা হয়েছে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আবেদনও।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে লতিফ ও পান্নার আইনজীবীরা জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে ২৯ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। 

সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন- আব্দুল্লাহ আল আমিন, ঢাবির আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ ব্যানারে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করে আসামিরা। বৈঠকে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য দিচ্ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী।

তার এই ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন তাদের ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দিতে থাকে। এরপর পুলিশ এসে তাদের আটক করে।

এএইচ