Dhaka Mail Logo

আইন-আদালত

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৫, ০৫:২৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মাসুম সরদার। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। অন্যদিকে সৈকতের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সৈকতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আবু সায়াদ বিন মাহিন সরকার। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯১ জনকে আসামি করা হয়েছে।

গত বছরের ১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তিনি রিমান্ডে রয়েছেন।

এসএইচ/এআর