images

আইন-আদালত

কাউন্সিলর চামেলীর সাময়িক বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

১২ জুন ২০২৪, ০৭:২০ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলামকে (চামেলী) সাময়িকভাবে বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।

বুধবার (১২ জুন) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভুঁইয়া। পরে আদালত থেকে বেরিয়ে তিনি বলেন, খোঁড়া অজুহাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বরখাস্ত করার আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। এ বিষয়গুলো আদালতে তুলে ধরেছি। শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে এ আদেশ দিয়েছেন।

সম্প্রতি সিটি করপোরেশনের সর্বোচ্চ ফোরাম বোর্ড সভায় অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় রোকসানা ইসলাম চামেলীকে কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব শামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই জনপ্রতিনিধিকে বরাখাস্তের কথা জানানো হয়। রোকসানা ইসলাম ঢাকা দক্ষিণ সিটির সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গত সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে অনুষ্ঠিত বোর্ড সভায় তিনি সংস্থার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদকে (রতন) শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।

এদিকে স্থানীয় সরকার বিভাগের ওই প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসন-৫ (সাধারণ ওয়ার্ড নম্বর ১৩, ১৯ ও ২০)–এর কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে করপোরেশন সভায় অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় সভার কার্যক্রম বিঘ্নিত হওয়া, প্রায়ই এ জাতীয় আচরণে লিপ্ত থাকা, তার এহেন অসদাচরণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। যেহেতু তাকে তার স্বীয় পদ হতে অপসারণের লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ ধারা ১৩-এর উপধারা (৩)-এর অধীন কার্যক্রম আরম্ভ করা হইয়াছে। সেহেতু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসন-৫ (সাধারণ ওয়ার্ড নং ১৩, ১৯ ও ২০)-এর কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ ধারা ১২-এর উপধারা (১) অনুযায়ী তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এআইএম