Dhaka Mail Logo

আইন-আদালত

নিউমার্কেটে সংঘর্ষ: ৩ মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৫ পিএম

প্রায় দুই বছর আগে ২০২২ সালের এপ্রিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় করা পৃথক তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১০ মার্চ নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

সোমবার (৫ ফেব্রুয়ারি) মামলা তিনটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

২০২২ সালের ১৭ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষ হয়। রাতে কিছু সময়ের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন আবারও দফায় দফায় সংঘর্ষ হয়। সন্ধ্যা পর্যন্ত চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। সংঘর্ষের ঘটনায় দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের একজন ডেলিভারিম্যান, অন্যজন দোকান কর্মচারী।

আরও পড়ুন

ভোটের রাতে আলোচিত সেই ধর্ষণকাণ্ডে ১০ জনের ফাঁসি

সংঘর্ষের ঘটনায় মোট তিনটি মামলা হয়। মামলাগুলো হলো-কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা, পুলিশের ওপর হামলার মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা। এদের মধ্যে নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়।

অন্যদিকে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা করে। এ দুই মামলায় নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট এক হাজার ২০০ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন

জাবির ধর্ষণকাণ্ডে ছাত্রলীগ নেতাসহ ৪ জন রিমান্ডে

এ মামলায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে ২৪ জন এজাহারনামীয়সহ ব্যবসায়ী-কর্মচারী মিলে অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়। এছাড়া একই মামলায় অজ্ঞাতনামা হিসেবে ঢাকা কলেজের ৭০০ জনকে আসামি করা হয়। বিস্ফোরক দ্রব্য আইনে করা আরেকটি মামলায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়।

এমআর