Dhaka Mail Logo

চাকরি

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পিএম

৪৯তম বিসিএসে (বিশেষ) শিক্ষা ক্যাডারে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের গেজেট আগামী সোমবার (৫ অক্টোবর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছিল। তাদের মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে ৬৫৭ জনের বিষয়টি বিবেচনায় রয়েছে। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে কোনো ধরনের বৈষম্যের শিকার হতে হয়নি বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি কোনো ধরনের বৈষম্য করা হবে না। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে সরকার। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে বৈষম্যের শিকার হতে হবে না।

সালাহউদ্দিন আহমেদ বলেন, গেজেট প্রকাশের আগে প্রয়োজনীয় কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর সোমবার বাদ পড়া ৪৬ জনের নিয়োগের গেজেট প্রকাশ করা হবে।

এর আগে গত বছরের ১১ নভেম্বর ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়।

পিএসসি জানিয়েছিল, যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে যাচাই-বাছাইসহ অন্যান্য প্রক্রিয়া শেষে চূড়ান্ত গেজেটে ৬১১ জনের নিয়োগের তথ্য প্রকাশ করা হয়।

গেজেটে বাদ পড়ার বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, পিএসসি সুপারিশকারী কর্তৃপক্ষ, নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সকল যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীকে নিয়োগ দিয়ে থাকে। নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত।

এম/এফএ