নিজস্ব প্রতিবেদক
০১ অক্টোবর ২০২৬, ১১:৩৮ এএম
৫১তম বিশেষ বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর)। সকাল ১০টা থেকে যোগ্য চিকিৎসকরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে এ বিশেষ বিসিএসের আয়োজন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর সকাল ১০টা থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
তবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফরম পূরণ করে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পাবেন। সে হিসেবে ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রার্থী একাধিক আবেদন ফরম পূরণ করতে পারবেন না। আবেদনের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
সহকারী সার্জন পদে আবেদনের জন্য প্রার্থীর এমবিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদন করতে হলে বিডিএস বা সমমানের ডিগ্রি প্রয়োজন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে।
এম/এআরএম