images

চাকরি

তরুণদের নেতৃত্ব নিশ্চিতে দীপ্তি ও ক্লিক এন ক্রিয়েশন স্টুডিও’র সমঝোতা

চাকরি ডেস্ক

১৫ জুন ২০২৬, ০১:৩৩ পিএম

দেশের তরুণ প্রজন্মকে দক্ষ, কর্মমুখী এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠান Daffodil International Professional Training Institute (DIPTI) এবং নূরপাথ নেটওয়ার্ক-এর অধীনস্থ Advertising, Branding & Media Agency Click n Creation Studio-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

গত ১৪ জুন রবিবার অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তির মূল লক্ষ্য হলো তরুণদের দক্ষতা উন্নয়ন, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরিতে সহায়তা, সৃজনশীল শিল্পে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যুগের উপযোগী মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা।

অনুষ্ঠানে ক্লিক এন ক্রিয়েটর স্টুডিও - এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও ও ফাউন্ডার তানজিল ইসলাম মিতুল, টেকনিক্যাল ম্যানেজার মুইন হাসান, লিড গ্রাফিক ডিজাইনার তাহমিদুল হক এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাওসিফ তাহরিম।

অন্যদিকে দীপ্তি (DIPTI)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট কামরুল হাসান আফসারী, হেড অব অ্যাকাডেমিক অ্যান্ড ইভেন্টস মোহাম্মদ আল আমিন সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার, বুটক্যাম্প, ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম, মিডিয়া ও ব্র্যান্ডিং প্রশিক্ষণ, ডিজিটাল দক্ষতা উন্নয়ন উদ্যোগ এবং প্রযুক্তিভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ সৃষ্টি, ইন্ডাস্ট্রি এক্সপোজার বৃদ্ধি এবং পেশাগত সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রেও কাজ করবে।

varsity_1

বর্তমান বিশ্বে প্রযুক্তিগত পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি কর্মক্ষেত্রের ধরন ও চাহিদাকে নতুনভাবে রূপান্তর করছে। ফলে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং বাস্তব দক্ষতা, সৃজনশীল চিন্তাশক্তি, ডিজিটাল সক্ষমতা, যোগাযোগ দক্ষতা এবং উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে দুই প্রতিষ্ঠান তরুণদের জন্য সময়োপযোগী ও বাস্তবমুখী দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনার বিষয়ে একমত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তানজিল বলেন, “ডিজিটাল লিটারেসি, মিডিয়া দক্ষতা এবং উদ্যোক্তা সক্ষমতা অর্জনের মাধ্যমে একটি আত্মবিশ্বাসী ও দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন। ক্লিক এন ক্রিয়েটর স্টুডিও শুরু থেকেই তরুণদের দক্ষতা উন্নয়ন এবং বাস্তবভিত্তিক শিক্ষার প্রসারে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠান DIPTI-এর সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আরও বৃহৎ পরিসরে তরুণদের কাছে পৌঁছানো সম্ভব হবে। দীপ্তির হাত ধরে দেশের তরুণ প্রজন্মকে আমরা পরিবর্তনের চাবিকাঠি হিসেবে প্রস্তুত করতে চাই, যাতে তারা ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক বিশ্বে নেতৃত্ব দিতে সক্ষম হয়।”

উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে বিশেষভাবে মিডিয়া ও ব্র্যান্ডিং, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন, সৃজনশীল যোগাযোগ, উদ্যোক্তা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি, ডিজিটাল লিটারেসি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হবে। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থানমুখী দক্ষতা অর্জন এবং শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, DIPTI এবং Click n Creation Studio-এর এই সহযোগিতা দেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং দক্ষ, উদ্ভাবনী, প্রযুক্তি-সক্ষম ও নেতৃত্বগুণসম্পন্ন মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এই উদ্যোগ দেশের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান খাতে ইতিবাচক অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।