Dhaka Mail Logo

সাক্ষাৎকার

আধুনিক ঢাকা নয়, প্রয়োজন নাগরিক সুবিধাসম্পন্ন বাসযোগ্য নগরী

মাহফুজুর রহমান

১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ এএম

ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার আলোচনা দীর্ঘদিনের। তবে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নাগরিকের অধিকার, নিরাপদ গণপরিসর, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, পরিবেশের ভারসাম্য এবং কার্যকর গণপরিবহন নিশ্চিত করাই একটি বাসযোগ্য নগরের পূর্বশর্ত। 

ঢাকার বর্তমান নগর ব্যবস্থাপনার সংকট, সবুজ ও গণপরিসরের ঘাটতি, জলাবদ্ধতা নিরসন এবং সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা নিয়ে ঢাকা মেইলকে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয় তুলে ধরেছেন নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ, শিক্ষাবিদ, নগর উন্নয়নবিষয়ক বিশেষজ্ঞ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ।

১৫৪টি ওয়ার্ডে ১৫৪টি গণপরিসর গড়ে তোলা, ফুটপাতের প্রশস্ততা, নিরবচ্ছিন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং আগামী এক থেকে তিন বছরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের করণীয়সহ নগরবাসীর জীবনমান উন্নয়নে বেশ কিছু বাস্তবসম্মত প্রস্তাব তুলে ধরেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক মাহফুজুর রহমান।

ঢাকা মেইল: একটি শহরকে আধুনিক নয়, বরং প্রকৃত অর্থে বাসযোগ্য করে তুলতে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? ঢাকার বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের জীবনমান উন্নয়নে কোন বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত?

অধ্যাপক ড. আকতার মাহমুদ: পোস্টমডার্ন নগর পরিকল্পনার ধারণায় আধুনিকায়ন ও টেকসই নগর পরিকল্পনা পরস্পরবিরোধী নয়। একই সঙ্গে একটি শহরকে আধুনিক, বাসযোগ্য ও টেকসই করে গড়ে তোলা সম্ভব। তবে কখনো কখনো শহরকে জাঁকজমকপূর্ণ বা গ্ল্যামারাস করতে গিয়ে এমন কিছু প্রকল্প নেওয়া হয়, যেগুলো টেকসই হয় না এবং বাসযোগ্যতার মানদণ্ডেও পিছিয়ে থাকে। তাই শহরকে আধুনিক করতে গিয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা দীর্ঘমেয়াদে নাগরিকের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

ঢাকার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নগরে বসবাসরত মানুষের প্রকৃত চাহিদাকে। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কোন নাগরিক সুবিধাগুলো প্রয়োজন, সেগুলো নিশ্চিত করাই হওয়া উচিত নগর পরিকল্পনার প্রধান লক্ষ্য। আমরা শহর পরিকল্পনার ক্ষেত্রে অনেক সময় শুধু আবাসনকে গুরুত্ব দিই। অর্থাৎ একটি ভবন তৈরি করে মানুষকে থাকার জায়গা করে দেওয়াকেই উন্নয়ন হিসেবে বিবেচনা করি। অথচ মানুষের জীবনযাত্রার সঙ্গে আবাসনের বাইরেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িত।

একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে আবাসনের পাশাপাশি গণপরিসর, সহজ ও নিরাপদ যাতায়াতব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিনোদনের সুযোগ এবং স্নিগ্ধ পরিবেশ নিশ্চিত করা জরুরি। একজন মানুষ যেখানে বসবাস করবেন, তার কাছাকাছি দূরত্বে তার সন্তানদের স্কুলে যাওয়ার সুযোগ থাকতে হবে, সহজে স্বাস্থ্যসেবা পেতে হবে এবং গণপরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকতে হবে। পাশাপাশি অবসর কাটানো, হাঁটাচলা ও বিনোদনের জন্য উন্মুক্ত স্থান থাকতে হবে।

এ ক্ষেত্রে পরিবেশের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের শহরগুলোতে পরিবেশগত বিষয়গুলো অনেক সময় যথাযথ অগ্রাধিকার পায় না। পানি, বায়ু ও শব্দদূষণ নাগরিকের স্বাস্থ্যের জন্য যেমন হুমকি, তেমনি শহরের বসবাসযোগ্যতাকেও ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে ঢাকা শহরে শব্দদূষণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে।

একটি শহরের বাসযোগ্যতা নির্ধারণে পরিবেশ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, গণপরিসর ও গণপরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক। তাই ঢাকা শহরের মানুষের জীবনমান উন্নত করতে হলে এসব বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় ছোট-বড় বিভিন্ন আকারের পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান তৈরি করতে হবে, যাতে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ সেগুলো ব্যবহার করতে পারেন।

ঢাকা মেইল: ফুটপাত দখল, অপর্যাপ্ত হাঁটার জায়গা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, মশার উপদ্রব ও গণপরিসরের সংকট এসব সমস্যা সমাধানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কী ধরনের পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন?

অধ্যাপক ড. আকতার মাহমুদ: আপনি যেসব সমস্যার কথা উল্লেখ করেছেন, সেগুলোর প্রত্যেকটি মূলত সিটি করপোরেশন তথা নগর স্থানীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। একটি শহরে মানুষের হাঁটাচলার জায়গা নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, মশা নিয়ন্ত্রণ এবং গণপরিসর তৈরি করা এসব কাজ সিটি করপোরেশনেরই করার কথা।

প্রথমে বর্জ্য ব্যবস্থাপনার কথা বলি। একটি শহরের পরিবেশদূষণের অন্যতম বড় কারণ দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা। এর ফলে একদিকে খাল, বিল, নদী ও জলাশয় দূষিত হচ্ছে, অন্যদিকে কঠিন বর্জ্য ড্রেনের ভেতরে জমে পানিনিষ্কাশনের পথ বন্ধ করে দিচ্ছে। ফলে জলাবদ্ধতাও তৈরি হচ্ছে। আমাদের সিটি করপোরেশনগুলো উৎপাদিত মোট কঠিন বর্জ্যের আনুমানিক ৬০ থেকে ৭০ শতাংশ সংগ্রহ করতে পারে। বাকি ৩০ শতাংশ বর্জ্য বিভিন্ন জায়গায় পড়ে থাকে। সেগুলো ড্রেন, নিচু স্থান, খাল-বিল ও নদীনালায় গিয়ে জমা হয়। এতে পরিবেশদূষণের পাশাপাশি জলাবদ্ধতার ঝুঁকিও বাড়ে।

আধুনিক নগর পরিকল্পনায় বর্জ্য ব্যবস্থাপনার বৈজ্ঞানিক ও কার্যকর পদ্ধতি রয়েছে। সিটি করপোরেশনগুলোকে সেসব পদ্ধতি অনুসরণ করতে হবে। পরিচ্ছন্নতা শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়, এটি একটি শহরের সামগ্রিক ব্যবস্থাপনা ও নাগরিক সংস্কৃতিরও প্রতিফলন।

এরপর আসে ফুটপাতের বিষয়টি। ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ ও যানজটপ্রবণ নগরে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ হেঁটে চলাচল করেন। তাই ফুটপাত এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটপাত কেবল হাঁটার জায়গা নয়, এটি একটি গণপরিসরও। হাঁটার মধ্য দিয়েই একজন নাগরিক শহরের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করেন।

ইউরোপের অনেক শহরে দেখা যায়, কোথাও কোথাও সড়কের তুলনায় ফুটপাতের প্রশস্ততা বেশি। আমাদেরও এমন ফুটপাত দরকার, যা প্রশস্ত, নিরবচ্ছিন্ন ও নিরাপদ। এই তিনটি বিষয় নিশ্চিত করা গেলে মানুষ স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারবেন। বিভিন্ন শহরের অভিজ্ঞতায় দেখা গেছে, ফুটপাত প্রশস্ত করলে মানুষের হাঁটার প্রবণতা বাড়ে এবং যানজট কমাতেও ইতিবাচক প্রভাব পড়ে। নিউইয়র্কের ম্যানহাটনের মতো এলাকাতেও এ ধরনের উদ্যোগের সুফল দেখা গেছে।

কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সড়ক সম্প্রসারণের নামে ফুটপাত ছোট করে ফেলি। এরপর সেই ছোট ফুটপাতও দোকানপাট ও হকারদের দখলে চলে যায়। ফলে পথচারীদের সড়কের ওপর দিয়ে হাঁটতে হয়। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। ফুটপাত পথচারীদের জন্য। তাঁদের হাঁটার অধিকার ফিরিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধার সুযোগ নেই।

হাঁটার জায়গার সংকটের সঙ্গে গণপরিবহন ব্যবস্থারও সম্পর্ক রয়েছে। একটি ভালো গণপরিবহন ব্যবস্থায় মানুষ বাসস্টপ বা মেট্রো স্টেশনে পৌঁছাতে হেঁটে যান। কিন্তু আমাদের গণপরিবহনের নেটওয়ার্ক পর্যাপ্ত নয়। ফলে অনেক ক্ষেত্রে মানুষকে দূরে গিয়ে পরিবহন ধরতে হয় অথবা রিকশার ওপর নির্ভর করতে হয়। তাই গণপরিবহনের স্টেশন ও গুরুত্বপূর্ণ গন্তব্যের সঙ্গে সংযোগ রেখে নিরাপদ হাঁটার পথ তৈরি করতে হবে।

পাশাপাশি পাড়া-মহল্লাভিত্তিক পার্ক ও উন্মুক্ত স্থানও হাঁটাচলা ও অবসর কাটানোর সুযোগ তৈরি করে। উত্তরা এ ক্ষেত্রে একটি উদাহরণ হতে পারে। সেখানে প্রতিটি সেক্টরে পার্ক রয়েছে। বিভিন্ন বয়সের মানুষ এসব পার্কে হাঁটেন, বসেন ও সময় কাটান। স্থানীয় কমিউনিটিও পার্কগুলোর রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখছে।

মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। সিটি করপোরেশনকে নিয়মিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় নির্ধারিত কার্যক্রম নিয়মিত চালাতে হবে। একই সঙ্গে নাগরিকদের নিজেদের বাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশে পানি জমে থাকার মতো স্থান পরিষ্কার রাখতে হবে। মশার প্রজননক্ষেত্র ধ্বংসে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়।

ঢাকা মেইল: ঢাকা শহরে পার্ক, খেলার মাঠ, উন্মুক্ত স্থান ও সবুজ এলাকার ঘাটতি রয়েছে। নগর পরিকল্পনার দৃষ্টিতে এসব জায়গা সংরক্ষণ ও সম্প্রসারণের বাস্তবসম্মত উপায় কী? এ ক্ষেত্রে সিটি করপোরেশন কতটা ভূমিকা রাখতে পারে?

অধ্যাপক ড. আকতার মাহমুদ: শুধু ঢাকা নয়, বাংলাদেশের প্রায় সব শহরেই পার্ক, খেলার মাঠ, উন্মুক্ত স্থান ও সবুজ এলাকার ঘাটতি রয়েছে। তবে ঢাকার পরিস্থিতি অত্যন্ত গুরুতর। নগর পরিকল্পনার বিভিন্ন মানদণ্ড অনুযায়ী একজন নাগরিকের জন্য যে পরিমাণ উন্মুক্ত স্থান প্রয়োজন, ঢাকা শহরে তার প্রায় ৯০ ভাগের এক ভাগ রয়েছে। অর্থাৎ প্রয়োজনের তুলনায় উন্মুক্ত স্থানের ঘাটতি ভয়াবহ।

এই ঘাটতি পূরণে সবচেয়ে বেশি প্রয়োজন সরকারের সদিচ্ছা ও অগ্রাধিকার নির্ধারণ। আমরা দেখি, সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। কিন্তু পার্ক, খেলার মাঠ, উদ্যান ও উন্মুক্ত স্থান তৈরির বিষয়টি তুলনামূলকভাবে কম গুরুত্ব পায়। অথচ এগুলো একটি শহরের ফুসফুসের মতো। মানুষের সুস্থভাবে বেঁচে থাকা এবং শহরের বাসযোগ্যতা নিশ্চিত করতে এসব জায়গা অপরিহার্য।

আমি বিভিন্ন সময় বলেছি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলিয়ে মোট ১৫৪টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরের পাঁচ বছর মেয়াদে অন্তত একটি করে নতুন গণপরিসর তৈরির লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে। সেটি বড় পার্ক হতে হবে এমন নয়। ছোট একটি খেলার মাঠ, উন্মুক্ত স্থান কিংবা সবুজ এলাকা হলেও চলবে। এভাবে পাঁচ বছরে ঢাকা শহরে ১৫৪টি নতুন পার্ক, খেলার মাঠ বা উদ্যান তৈরি করা সম্ভব। আমার কাছে এটি অত্যন্ত বাস্তবসম্মত একটি উদ্যোগ।

কোনো ওয়ার্ডে যদি সরকারি বা উন্মুক্ত জায়গা থাকে, সেগুলোকে গণপরিসরে রূপান্তর করা যেতে পারে। আবার কোনো ওয়ার্ডে জায়গা না থাকলে প্রয়োজনে ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ অথবা বাজারমূল্যে কিনে সেখানে পার্ক কিংবা খেলার মাঠ তৈরি করা সম্ভব। সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করে। সেখান থেকে নাগরিকদের জন্য উন্মুক্ত স্থান তৈরিতেও অর্থ বরাদ্দ দেওয়া উচিত।

এ ছাড়া ঢাকা শহরের চারপাশে প্রায় ১০০ কিলোমিটারের বেশি নদী রয়েছে। তুরাগ, বুড়িগঙ্গা, বালু ও শীতলক্ষ্যা নদীর দুই পাড় সংরক্ষণ করা গেলে সেখানে দীর্ঘ সবুজ করিডর বা লিনিয়ার গ্রিন স্পেস তৈরি করা সম্ভব। নদীর দুই পাশে গাছ লাগানো, হাঁটার পথ তৈরি এবং পরিবেশবান্ধব উন্মুক্ত স্থান গড়ে তোলার সুযোগ রয়েছে।

একইভাবে শহরের খালগুলো চিহ্নিত করে সীমানা নির্ধারণ ও দখলমুক্ত করতে হবে। খালের দুই পাশ সংরক্ষণ করে সবুজ এলাকা তৈরি করা যায়। এতে একদিকে যেমন পরিবেশের উন্নতি হবে, অন্যদিকে নগরবাসীর জন্য নতুন গণপরিসর তৈরি হবে।

ঢাকা শহরের যেসব লেক ও পুকুর এখনো টিকে আছে, সেগুলোও সংরক্ষণ করতে হবে। কোনোভাবেই যাতে এসব জলাশয় দখল বা ভরাট না হয়, সে বিষয়ে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে। যেসব জলাশয় দখল হয়ে গেছে, সেগুলো উদ্ধার করে গণপরিসরে রূপান্তরের উদ্যোগ নেওয়া উচিত।

আমার মনে হয়, সরকার যদি সবুজ এলাকা সম্প্রসারণকে অগ্রাধিকার দেয়, তাহলে নদী, খাল, পুকুর ও ওয়ার্ডভিত্তিক ছোট ছোট জায়গা ব্যবহার করেই উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব।

ঢাকা মেইল: ঢাকাকে বাসযোগ্য করতে সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং অন্যান্য সংস্থার মধ্যে দায়িত্ব ও কাজের সমন্বয় কীভাবে নিশ্চিত করা যায়? বর্তমান ব্যবস্থার প্রধান দুর্বলতা কোথায়?

অধ্যাপক ড. আকতার মাহমুদ: ঢাকা শহরে নগর পরিকল্পনা, উন্নয়ন ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট অসংখ্য সরকারি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করে। কিন্তু সব উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় নিশ্চিত করা দীর্ঘদিন ধরেই বড় চ্যালেঞ্জ।

আমি যখন ১৯৯৫ সালে শিক্ষার্থী হিসেবে রাজউকে ইন্টার্নশিপ করতে গিয়েছিলাম, তখনো নগর সরকার গঠনের আলোচনা শুনেছি। কিন্তু এত বছরেও সেই চিন্তা বাস্তব রূপ পায়নি। অথচ সমস্যার সমাধান অনেকাংশে নগর সরকার ব্যবস্থার মধ্যেই নিহিত রয়েছে।

আমাদের সংবিধানেই স্থানীয় সরকার ব্যবস্থার ধারণা রয়েছে। সিটি করপোরেশন ও পৌরসভা হচ্ছে নগর স্থানীয় সরকার। কিন্তু বাস্তবে সেগুলো এখনো কার্যকর নগর সরকারের মতো কাজ করতে পারছে না। বিশ্বের অনেক বড় শহরে মেয়র নগরের উন্নয়ন ও ব্যবস্থাপনায় প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন। কিন্তু আমাদের শহরগুলোতে সেই ব্যবস্থা কার্যকর নয়।

ফলে রাজউক, ওয়াসা, সিটি করপোরেশন, ডিটিসিএসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজ নিজ আইন, দায়িত্ব ও মন্ত্রণালয়ের অধীনে আলাদাভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে। এতে সমন্বয়ের অভাব তৈরি হয় এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একজন কার্যকর সমন্বয়ক প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নির্বাচিত মেয়রই এ দায়িত্ব পালনের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। স্থানীয় সরকার আইন, ২০০৯-এও উন্নয়ন কার্যক্রম সমন্বয়ের ক্ষেত্রে মেয়রের ভূমিকার কথা বলা হয়েছে। আইন অনুযায়ী, সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে প্রতি মাসে সমন্বয় সভা করার সুযোগ রয়েছে। প্রয়োজন অনুযায়ী বিশেষ সভাও করা যেতে পারে।

তবে শুধু সভা আয়োজন করলেই হবে না, সেটিকে কার্যকর করতে হবে। মেয়রের নেতৃত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় রাজউক, ওয়াসা, ডিটিসিএসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা দায়িত্বশীল শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কারণ, সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা যাঁদের হাতে, তাঁদের উপস্থিতি ছাড়া কার্যকর সমন্বয় সম্ভব নয়।

এভাবে মেয়রের নেতৃত্বে উন্নয়ন কার্যক্রমগুলো সমন্বিতভাবে পরিচালিত হলে একই সড়ক বারবার খোঁড়াখুঁড়ি, অব্যবস্থাপনা ও বিভিন্ন সংস্থার কাজের অসংগতির কারণে যে জনদুর্ভোগ তৈরি হয়, তা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

ঢাকা মেইল: সীমিত বাজেট ও বিপুল জনসংখ্যার বাস্তবতায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন আগামী এক থেকে তিন বছরে কোন পাঁচটি উদ্যোগ নিলে নাগরিকদের জীবনযাত্রায় দৃশ্যমান পরিবর্তন আসতে পারে? এর মধ্যে কোন উদ্যোগটি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব?

অধ্যাপক ড. আকতার মাহমুদ: প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মতে, এমন পাঁচটি উদ্যোগ রয়েছে, যেগুলো বাস্তবায়নে অন্য কোনো সংস্থার ওপর নির্ভর করার প্রয়োজন নেই। এগুলো সম্পূর্ণভাবে সিটি করপোরেশনের নিজস্ব দায়িত্ব ও কার্যপরিধির মধ্যে পড়ে। সিটি করপোরেশন চাইলে আগামী এক থেকে তিন বছরের মধ্যেই এসব উদ্যোগের মাধ্যমে নাগরিকদের জীবনে দৃশ্যমান পরিবর্তন আনতে পারে।

প্রথমত, জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ জন্য শুধু বর্ষা মৌসুমের আগে নয়, সারা বছর খাল ও ড্রেন পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি যেসব দোকানপাট ও প্রতিষ্ঠান ড্রেনে বর্জ্য ফেলে, তাদের বিরুদ্ধে কঠোর জরিমানা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে এলাকাভিত্তিক পরিদর্শক বা রোড ম্যানেজার নিয়োগ দিয়ে নিয়মিত তদারকির ব্যবস্থা করা যেতে পারে। সরেজমিনে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে।

জলাবদ্ধতা নিরসনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বিত ড্রেনেজ মাস্টারপ্ল্যান তৈরি। এ বিষয়ে আগে ওয়াসার নেতৃত্বে বিভিন্ন সমীক্ষা ও পরিকল্পনা তৈরি হয়েছিল। এখন দায়িত্ব সিটি করপোরেশনের হাতে এসেছে। তাই পুরোনো সমীক্ষাগুলো হালনাগাদ করে নতুন একটি সমন্বিত ড্রেনেজ মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে হবে। সেখানে পানি ধারণের জন্য জলাধার তৈরি, পুকুর ও লেক সংরক্ষণ এবং খাল-নদীগুলোর মধ্যে সংযোগ নিশ্চিত করার বিষয়গুলো থাকতে হবে।

আগের ড্রেনেজ পরিকল্পনায় বালু নদীর পাশে তিনটি এবং পশ্চিমাঞ্চলে তুরাগ ও বুড়িগঙ্গার পাশে আরও তিনটি জলাধার তৈরির প্রস্তাব ছিল। কিন্তু সেগুলোর অধিকাংশই বাস্তবায়িত হয়নি। গোড়ান চাঁদবাড়িতে প্রায় ৬১৫ একর জায়গা এখনো জলাধার তৈরির সম্ভাবনাময় স্থান হিসেবে রয়েছে। সেখানে পানি সংরক্ষণের উপযোগী ব্যবস্থা গড়ে তোলা গেলে বৃষ্টির পানি ধারণ করে জলাবদ্ধতা কমাতে সহায়তা করবে। পাশাপাশি পরিকল্পনায় থাকা অন্যান্য জলাধারও বাস্তবায়ন করতে হবে।

দ্বিতীয়ত, বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সিটি করপোরেশন এখনো উৎপাদিত সব বর্জ্য সংগ্রহ করতে পারছে না। ফলে বর্জ্যের একটি বড় অংশ বিভিন্ন জায়গায় পড়ে থাকে। এই ঘাটতি দূর করতে বর্জ্য সংগ্রহ, পরিবহন ও ব্যবস্থাপনার প্রতিটি ধাপকে আরও কার্যকর করতে হবে। এতে শহরের পরিচ্ছন্নতা বাড়বে, পরিবেশদূষণ কমবে এবং একটি সুন্দর নগরী গড়ে তোলা সম্ভব হবে।

তৃতীয়ত, ফুটপাত দখলমুক্ত করে পথচারীবান্ধব নগর গড়ে তুলতে হবে। শহরের ব্যস্ত এলাকাগুলোতে হকার ও বিভিন্ন দোকানপাটের কারণে অনেক ফুটপাত দিয়ে মানুষ চলাচল করতে পারেন না। সিটি করপোরেশন নিজস্ব ক্ষমতাবলে ফুটপাতগুলোকে বাধামুক্ত, নিরাপদ ও ব্যবহার উপযোগী করতে পারে। মানুষ যেন স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারেন, সেটি নিশ্চিত করতে হবে। ফুটপাতের মূল ব্যবহারকারীরা পথচারী। তাঁদের জন্যই ফুটপাত ফিরিয়ে দিতে হবে।

চতুর্থত, প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় নতুন গণপরিসর তৈরি করতে হবে। সেটি পার্ক, খেলার মাঠ কিংবা সবুজ এলাকা হতে পারে। তবে এসব জায়গা যেন সব শ্রেণি ও বয়সের মানুষের ব্যবহারের উপযোগী হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। নগর পরিকল্পনায় একে অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা বলা হয়। পাশাপাশি সার্বজনীন প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে, যাতে শিশু, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরাও সহজে এসব স্থান ব্যবহার করতে পারেন।

পঞ্চমত, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রতিবছর ডেঙ্গুতে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন, প্রাণহানিও ঘটছে। তাই মশার প্রজননক্ষেত্রগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদের সম্পৃক্ত করাও জরুরি।

বর্তমানে ওয়ার্ড কাউন্সিলর না থাকলেও ভবিষ্যতে নির্বাচিত কাউন্সিলরদের নেতৃত্বে প্রতিটি এলাকার নাগরিকদের এ কাজে যুক্ত করা যেতে পারে। স্থানীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। সবাই মিলে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখতে পারলে মশার প্রজননক্ষেত্র কমবে। একই সঙ্গে পরিবেশও সুন্দর হবে।

আমার কাছে মনে হয়, এই পাঁচটি উদ্যোগকে অগ্রাধিকার দিয়ে সিটি করপোরেশন তাদের কার্যক্রম পরিচালনা করলে আগামী এক থেকে তিন বছরের মধ্যে ঢাকা শহরে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। এর মধ্যে ফুটপাত দখলমুক্ত করা, নিয়মিত ড্রেন ও খাল পরিষ্কার এবং মশার প্রজননক্ষেত্র ধ্বংসের কাজগুলো তুলনামূলক দ্রুত শুরু করা সম্ভব। 

এসব উদ্যোগের জন্য বড় কোনো অবকাঠামোগত প্রকল্পের প্রয়োজন নেই; প্রয়োজন মূলত সদিচ্ছা, নিয়মিত তদারকি ও কার্যকর বাস্তবায়ন।

এম/এএইচ