Dhaka Mail Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পর কোন দেশে বিলিয়নিয়ারের সংখ্যা সবচেয়ে বেশি?

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল ২০২৩, ০৪:৫২ পিএম

২০২৩ সালের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের র‍্যাঙ্কিংয়ে আবারও সবচেয়ে বেশি ধনকুবেরদের দেশগুলোর নাম প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। ফোর্বস জানিয়েছে, বিশ্বের মোট ২,৬৪০ জন বিলিয়নিয়ার ৭৭ টি দেশ বা অঞ্চলের বাসিন্দা।

ইন্টিগ্রেটেড হোয়েল মিডিয়া ইনভেস্টমেন্টস এবং ফোর্বস পরিবারের মালিকানাধীন একটি আমেরিকান ব্যবসায়িক ম্যাগাজিন ফোর্বস। এটি বছরে আটবার প্রকাশিত হয়। অর্থ, শিল্প, বিনিয়োগ এবং বিপণন বিষয় নিয়ে কাজ করে ফোর্বস।

ফোর্বসের মতে বিশ্বে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গত বছরের মতোই এবছরও মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ৭৩৫ বিলিয়নিয়ার রয়েছেন। তবে বিশ্বের শীর্ষ ধনী যুক্তরাষ্ট্রের বাসিন্দা নন। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ট ফ্রান্সে বাস করেন। 

যদিও যুক্তরাষ্ট্রে বাস করেন শীর্ষ ধনীদের মধ্যে অন্যতম ইলন মাস্ক, জেফ বেজোস এবং বিল গেটস। এ বছর লেব্রন জেমস এবং টাইগার উডস সেই ৫০ জনের মধ্যে ছিলেন যারা প্রথমবারের মতো বিলিয়নিয়ারদের তালিকায় যোগদান করেন। 

স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড, কানিয়ে ওয়েস্ট এবং আরও কয়েক ডজন লোক এই লিস্ট থেকে বাদ পড়েছেন। বিলিয়নিয়ারের সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে চীন। চীনে মোট ৪৯৫ জন বিলিয়নিয়ারের আবাসস্থল। যা গত বছরের ৫৩৯ চিনা বিলিয়নিয়ারের থেকে অনেকটাই কম।

র‍্যাঙ্কিংয়ে ১৬৯ বিলিয়নিয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। ফোর্বস অনুসারে, ভারতীয় বিলিয়নিয়ারদের সমষ্টিগত সম্পদের মূল্য ৬৭৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে সেটি গত বছরের ৭৫০ বিলিয়ন মার্কিন ডলার থেকে অনেকটাই কম। মোট সম্পদে হ্রাসের সবচেয়ে বড় কারণ হল গৌতম আদানির সম্পদে ব্যাপক পতন। যিনি হিন্ডেনবার্গ রিপোর্টের পর একাই প্রায় ৪৩ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছিলেন।

চতুর্থ সর্বাধিক বিলিয়নিয়ারের দেশ জার্মানি। গত বছরের ১৩৪ জনের তুলনায় এ বছর জার্মানির বিলিয়নেয়ার ১২৬ জন। ১০৫ জন নিয়ে র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

একে