আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৩, ১২:৫৯ পিএম
ভারত মহাসাগরে নিয়ন্ত্রণ বাড়াতে চীন এবার মিয়ানমারে কোকো দ্বীপে গোপন ঘাঁটি বানাচ্ছে বলে দাবি করেছে ভারত। স্যাটেলাইট ইমেজের বরাত দিয়ে এমন দাবি করেছে দেশটি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি।
এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মিয়ানমারের ছোট্ট দ্বীপ কোকো আইল্যান্ডে এই ঘাঁটি তৈরি করছে শি জিনপিংয়ের দেশ।
খবরে বলা হয়েছে, ভারতীয় ইস্ট কোস্ট থেকে মায়ানমারের দূরত্ব ১২০০ কিলোমিটারের মতো। কিন্তু আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কোকো আইল্যান্ডের ব্যবধান মাত্র ৪২ থেকে ৫৫ কিলোমিটার। এই কোকো আইল্যান্ডে গত কয়েকমাস ধরে সামরিক তৎপরতা চলছে। বানানো হচ্ছে রাস্তা, বায়ুসেনা ঘাঁটি, এমনকী রেডার স্টেশনও। ম্যাক্সার টেকনোলজির উপগ্রহ চিত্রে ধরা পড়েছে কোকো দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করছে চীন।
ভারত নিয়ন্ত্রিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একেবারেই কোলঘেঁষে অবস্থান কোকো আইল্যান্ডের। কোকো দ্বীপ বর্তমানে ভূরাজনৈতিক কৌশলগত দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দ্বীপগুলো তৈরি হয়েছে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের মিলনস্থলে।
কোকো আইল্যান্ড মায়ানমারের ইয়াঙ্গুন প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত। পাঁচটি দ্বীপ নিয়ে তৈরি। এর মধ্যে চারটি দ্বীপ অবস্থিত গ্রেট কোকোরিফের ওপর। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অনেক আগেই কোকো দ্বীপপুঞ্জের পাঁচটি দ্বীপের মধ্যে দুটি চীনকে ইজারা দিয়েছে মায়ানমার।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উত্তরের ইস্ট দ্বীপ এবং ল্যান্ডফল দ্বীপের অদূরের কোকো দ্বীপে চীনের উপস্থিতি ভারতের জন্য উদ্বেগের বলে উল্লেখ করেছেন দেশটির প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
একে