images

আন্তর্জাতিক

আয় দিয়ে চলছে না মাস, উদ্বিগ্ন অর্ধেক ইউরোপীয়

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ ২০২৩, ১১:৪২ এএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর প্রায় অর্ধেক নাগরিক তাদের উপার্জিত টাকা দিয়ে মাসের চাহিদা পূরণ করতে পারছেন না। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা। গত সোমবার এক সমীক্ষার ফলে এ কথা জানিয়েছে ইইউ। 

ইউরোপীয় কমিশন ২০২৩ কনজিউমার কন্ডিশন স্কোরবোর্ডের ফলাফল প্রকাশ করেছে। এটি ইইউর ২৭টি সদস্য রাষ্ট্র, আইসল্যান্ড এবং নরওয়েতে পরিচালিত ভোগের অভ্যাসের উপর একটি সমীক্ষা। খবর আনাদুলু এজেন্সির

ইইউ নির্বাহী সংস্থা এক বিবৃতিতে বলেছে, সমীক্ষায় ৪৮ শতাংশ উত্তরদাতা তাদের মাসিক বিল পরিশোধ করার ক্ষমতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।

নাগরিকদের এক তৃতীয়াংশেরও বেশি (৩৭%) উত্তরদাতা বলেছেন যে, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের কারণে তাদের সঞ্চয় খরচ করতে হয়েছে।

এছাড়া উত্তরদাতাদের প্রায় দুই-তৃতীয়াংশ (৭১%) বলেছেন যে, দামের ব্যাপক বৃদ্ধির কারণে তারা তাদের জীবনযাপনে অনেক পরিবর্তন এনেছেন।

উচ্চ সুদের হারের কারণে প্রতি দশজনের মধ্যে একজন মর্টগেজ পেমেন্ট বেড়ে যাওয়ার অভিযোগও করেছেন।

Europeans high costs

বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আঁচ লেগেছে ইউরোপেও। ইউরোপের বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। দুধ, ডিম, চাল, মাংসসহ দাম বেড়েছে প্রায় সব জিনিসপত্রের। সেই সঙ্গে বেড়েছে বিদ্যুৎ ও গ্যাসের দামও। সব ব্যয় মিটিয়ে জীবনধারণ এখন বেশ কঠিন হয়ে পড়েছে সাধারণ মানুষের।

ফ্রান্সের স্থানীয়রা বলেন, দেশে এখন ডিম, টমেটো ও ধনেপাতাসহ সব জিনিসেরই দাম বেড়েছে। তবে নিত্যপণ্যের দাম বাড়লেও আয় বাড়েনি বলে জানান তারা। এতে সব খরচ মিটিয়ে জীবন চালানো বেশ কঠিন হয়ে পড়ছে।

এমন পরিস্থিতির জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধকেই দায়ী করছেন ইউরোপীয় ব্যবসায়ীরা। তারা বলছেন, যুদ্ধের জেরে গ্যাস ও বিদ্যুতের বাড়তি দামের প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর।

একে