আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৩ এএম
ওসামা বিন লাদেন ও আয়মান আল-জাওয়াহিরির পর নতুন প্রধান নিয়োগ করেছে সশস্ত্র গোষ্ঠী আল কায়েদা। মার্কিন যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, আল কায়েদার নতুন প্রধানের নাম সাইফ আল-আদেল। জাতিসংঘের এক রিপোর্টেও এমনটি বলা হয়েছে।
গত জুলাইয়ে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন জাওয়াহিরি। এরপর থেকেই আল কায়েদার পরবর্তী নেতার নাম নিয়ে জল্পনা শুরু হয়। মার্কিন গোয়েন্দা বিভাগের ‘পার্সনস অফ ইন্টারেস্ট’ (যাদের উপর তারা নজর রাখে) সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে, জাওয়াহিরির মতোই জন্মসূত্রে মিশরীয় আদেল।
নব্বইয়ের দশকের শেষ পর্বে আফ্রিকার তানজানিয়া এবং কেনিয়ায় মার্কিন দূতাবাসে হামলার ঘটনার মূল চক্রী হিসেবে মনে করা হয় আদেলকে। ওই জোড়া হামলায় অন্তত ২২০ জন নিহত হয়েছিলেন।
পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর দাবি, ২০০১ সালে নিউইয়র্কে ৯/১১ হামলার বিরোধী ছিলেন তিনি। আদেলের যুক্তি ছিল- যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালালে আফগানিস্তান আল কায়েদার হাতছাড়া হবে। তবে শেষ পর্যন্ত সেটিই ঘটেছিল।
আদেলের বিষয়ে সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞ আলী সৌফানের লেখার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এক খবরে বলেছে, আদেল মিশরীয় সামরিক বাহিনীর একজন সাবেক সদস্য। পরে ১৯৭৯ সালে আফগানিস্তান আক্রমণ করার সময় তিনি সোভিয়েতদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। আদেল ওসামা বিন লাদেনের অনুগত ছিলেন।
গত বছর যখন মার্কিন বাহিনী আয়মান আল-জাওয়াহিরিকে আফগানিস্তানে হত্যা করেছিল, তখন অনেক বিশেষজ্ঞ আদেলকে সশস্ত্র গোষ্ঠীটির সম্ভাব্য পরবর্তী নেতা হিসেবে দেখছিলেন। মার্কিন কর্তৃপক্ষ এর আগে সরাসরি আদেলকে হত্যা বা জীবিত ধরার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
তবে আল-কায়েদা এখনও প্রকাশ্যে আদেলকে নতুন নেতা ঘোষণা করেনি।
একে