আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৪ পিএম
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনা শাসক জেনারেল (অব.) পারভেজ মোশাররফ মারা গেছেন। ৭৯ বছর বয়সে দুবাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ২০০২ সালে বাংলাদেশ সফর করেছিলেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। ঢাকায় বিমানবন্দরে নেমে বাংলাদেশিদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন তিনি।
২০০২ সালের ২৯ থেকে ৩১ জুলাই বাংলাদেশ সফর করেন পারভেজ মোশাররফ। সেই সময়ে কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকায় নেমে সাম্য ও বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন তিনি।
তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জমিরউদ্দিন সরকার বিমানবন্দরে মোশররফকে স্বাগত জানান।

অফিসিয়াল ভিজিটর বুকে বাংলাদেশিদের উদ্দেশ্যে পারভেজ মোশাররফ লিখেছিলেন, ১৯৭১ সালের ব্যথা আপনাদের পাকিস্তানি ভাইবোনেরা ভাগ করে নিতে চায়। চলুন আমরা অতিত ভুলে একসঙ্গে সামনে এগিয়ে যাই।
ওই সফরে বাংলাদেশিদের প্রতি পাকিস্তানিদের ভালোবাসা পৌঁছানোর বার্তা দেন। তিনি বলেন, এই ভূমির জনগনের শান্তি ও সমৃদ্ধি কামনা করি। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নতি ঘটবে।
কঠোর নিরাপত্তার মধ্যে ওই সফর করেন পারভেজ মোশাররফ। তার সফরের বিরোধীতা করে রাজপথে নেমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চলেছিল বিক্ষোভ ও হরতাল।
জেনারেল পারভেজ মোশাররফকে ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানায় মানবাধিকার সংগঠনগুলো।

১৯৯৯ সালে দেশে সামরিক আইন জারি করার পর মোশাররফ প্রধান নির্বাহীর পদ গ্রহণ করেন এবং ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলার পটভূমিতে পাকিস্তানের শাসনে ছিলেন চার তারকা এই জেনারেল। প্রতিবেশি আফগানিস্তানে সামরিক হস্তক্ষেপের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছিলেন তিনি।
২০১৬ সালে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং মোশাররফ চিকিৎসার জন্য দুবাই ভ্রমণ করেন। ২০১৯ সালে পাকিস্তানের একটি বিশেষ আদালত রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। যদিও পরে আদালত সেই রায় বাতিল করে।
সূত্র: গার্ডিয়ান ও ডন
একে