আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৩, ০৩:৫৩ এএম
ভারতের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সাবেক মন্ত্রী শরদ যাদব আর নেই। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ১০টার পর শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
টুইটারে এক ক্ষুদেবার্তায় শরদ যাদবের প্রয়াণের খবর নিশ্চিত করেছেন তাঁর মেয়ে সুভাষিণী শরদ যাদব। টুইটে তিনি লিখেছেন, ‘বাবা আর নেই।’
জানা গেছে, আরজেডি পার্টির প্রবীণ এই নেতাকে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসায় কোনো সাড়া মেলেনি। একপর্যায়ে রাত ১০টা ১৯ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক বর্ষীয়ান এই রাজনীতিবিদকে মৃত ঘোষণা করেন।
ভারতের প্রবীণ এই রাজনৈতিকের মৃত্যুর খবরে শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে মোদি লিখেছেন, ‘শরদজির প্রয়াণে গভীরভাবে ব্যথিত। দীর্ঘ জনজীবনে তিনি নিজেকে একজন সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের মধ্যে যে কথোপকথন হয়েছে, তা সবসময় মনে থাকবে। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা। ওঁম শান্তি।’
অন্যদিকে, বর্ষীয়ান এই রাজনৈতিকের মৃত্যুর খবরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক জানিয়ে টুইট করেছেন। মমতা লিখেছেন, ‘শ্রী শরদ যাদবের মৃত্যুর খবর শুনে আমি ভারাক্রান্ত। একজন দৃঢ়চেতা রাজনীতিবিদ এবং অত্যন্ত সম্মানিত সহকর্মী, তিনি এবং তাঁর কাজ সকলের মধ্যে বেঁচে থাকবেন। শরদজির পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা রইল।’
শরদ যাদব লোকসভার সাতবারের সংসদ সদস্য ছিলেন। এছাড়াও রাজ্যসভার তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রবীণ এই রাজনৈতিক।
বর্ষীয়ান এই রাজনৈতিক ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত জনতা দলের (জেডিইউ) জাতীয় সভাপতি ছিলেন। পরবর্তীকালে দলবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয় তাকে। এরপর ২০১৮ সালে ‘লোকতান্ত্রিক জনতা দল’ নামে নিজের দল গঠন করেন প্রবীণ এই নেতা। যদিও এর দুই বছরের পর লালু প্রসাদ যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে মিশে যায় লোকতান্ত্রিক জনতা দল।
তথ্যসূত্র: টাইমস্ অব ইন্ডিয়া, এনডিটিভি।
/আইএইচ