images

আন্তর্জাতিক

ইমরানকে হত্যাচেষ্টা: একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

০৩ নভেম্বর ২০২২, ০৮:১০ পিএম

আগাম নির্বাচনের দাবিতে লংমার্চ চলাকালে ইমরান খানের ওপর গুলি হামলার ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই ঘটনায় ইমরান খান ছাড়াও আহত অন্যরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, লংমার্চে ইমরানের কাফেলাকে স্বাগত জানানোর সময় ওই হামলায় একজন সমর্থক নিহত হয়েছেন। সেই সঙ্গে হামলায় ইমরান খানের পাশাপাশি দলের আরও বেশ কয়েকজন নেতা আহত হয়েছেন। তবে এরই মধ্যে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

এদিকে, আটকের পর পুলিশের কাছে স্বীকারোক্তিতে হামলাকারী বলেছেন, তিনি পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে হত্যা করতে চেয়েছিলেন। এর কারণ হিসেবে হামলাকারী বলেন, ইমরান খান জনগণকে বিভ্রান্ত করছেন।

অন্যদিকে, গুলিবর্ষণের ঘটনায় আহত ইমরান খান শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছে তার দল পিটিআই। এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্টও ইমরানের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের পাঞ্জাবের গুজরানওয়ালা শহরের আল্লাহওয়ালা চকে গুলি ছোড়ার পরপরই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই সময় নেতাকর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছেন ইমরানের সমর্থকরা।

এদিকে, পাকিস্তানের বিরোধী দলীয় নেতারা ছাড়াও বেশকিছু মিডিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের নিরাপত্তার জোরদারের কথা জানিয়েছেন তারা।

তথ্যসূত্র: ডন, আল-জাজিরা।

/আইএইচ