Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মহাকাশচারীদের ফের চাঁদে পাঠানোর ‘খায়েশ’, অভিযান স্থগিত করল নাসা

আন্তর্জাতিক ডেস্ক

২৯ আগস্ট ২০২২, ০৮:০৩ পিএম

মহাকাশচারীদের পুনরায় চাঁদে পাঠাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার প্রকল্প আর্টেমিসের স্পেস লঞ্চ সিস্টেমের (এসএলএস) উৎক্ষেপণ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। রকেটে যান্ত্রিক ত্রুটি মহাকাশচারীদের চাঁদে পাঠানোর এই ‘খায়েশে’ বাধ সেজেছে।

সোমবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৩) এসএলএস রকেটটি উৎক্ষেপণের কথা ছিল। এ জন্য ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টারে জমকালো আয়োজনে নেওয়া হয়েছিল সব প্রস্তুতি।

তবে উৎক্ষেপণের আগেই রকেটটির ইঞ্জিন থেকে জ্বালানি লিকেজ সংক্রান্ত একটি সমস্যা ধরা পড়ে। পরে প্রকৌশলীরা ইঞ্জিনের এই সমস্যা তাৎক্ষণিক ঠিক করতে না পারলে বাধ্য হয়েই নাসা ফের চাঁদে যাওয়ার ‘খায়েশ’ সাময়িকভাবে স্থগিত করে।

এদিকে, সাময়িকভাবে রকেট উৎক্ষেপণ স্থগিত করা হলেও সমস্যা সমাধানের পর আবারও উৎক্ষেপণ প্রক্রিয়া শুরুর বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নাসার প্রশাসক বিল নেলসন।

সংস্থাটির লাইভ সম্প্রচারে তিনি বলেছেন, ‘একটি মোমবাতি আপনি যতক্ষণ পর্যন্ত না চালু করতে চান, সেটি ততক্ষণ পর্যন্ত প্রস্তুত হয় না। তাই যতক্ষণ না এটি (রকেট) ঠিক হয়, আমরা লঞ্চ করব না’

১৯৬৯ সালে অ্যাপোলো-১১ রকেটে চড়ে চাঁদের বুকে প্রথমবারের মতো পা রাখে কোনো মানুষ। ওই সময় মার্কিন তিন মহাকাশচারী- নীল আর্মস্ট্রং, অ্যাডউইন অলড্রিন ও মাইকেল কলিন্স নাসার সেই মিশনে ছিলেন।

এরপর ৫০ বছর কেটে গেলে সম্প্রতি আবারও চন্দ্রপৃষ্ঠে মানুষকে ফিরিয়ে নেওয়ার প্রকল্প আর্টেমিসের স্পেস লঞ্চ সিস্টেমে (এসএলএস) জোর দেয় নাসা। এই রকেট একটি ক্যাপসুল বহন করবে যার নাম ওরাইয়ন। এটি চাঁদের চারপাশে পরিভ্রমণ করবে।

এবারের যাত্রায় সেই ক্যাপসুলে কোনো মানুষ (মহাকাশচারী) থাকবে না। তবে যদি পরিকল্পনামাফিক রকেট উৎক্ষেপণ সম্ভব হয় তাহলে পরবর্তী মিশনগুলোয় মহাকাশচারীরা যুক্ত হবেন। ১৯৬৯ সালের চন্দ্রাভিযানের পর এই প্রকল্প সফল হলে নাসার ঝুলিতে যোগ হবে আরও একটি বড় সফলতা।

/আইএইচ