আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
আজ ২৯ নভেম্বর ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতির দিন। ফিলিস্তিনিদের অধিকার, স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের দাবির প্রতি আন্তর্জাতিক সমর্থন পুনর্ব্যক্ত করতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। তবে বিশ্বজুড়ে সংহতির নানা আয়োজনের মধ্যেও গাজায় কাটেনি মানবিক বিপর্যয়। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি ও মৌলিক সেবার সংকটে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন লাখো ফিলিস্তিনি।
২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও গাজার মানুষের জীবনযাত্রায় উল্লেখযোগ্য উন্নতি হয়নি। অবকাঠামো ধ্বংস, আশ্রয়সংকট, খাদ্য ও চিকিৎসাসামগ্রীর ঘাটতি এবং নিরাপত্তাহীনতা তাদের দুর্ভোগ বাড়িয়ে চলেছে।
গাজার বাইরেও অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলা, গ্রেফতার, বাড়িঘর ধ্বংস, ভূমি দখল ও বাস্তুচ্যুতির ঘটনা অব্যাহত রয়েছে।
এ উপলক্ষে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং শরণার্থীদের নিজ বাড়িঘরে ফিরে যাওয়ার দাবির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হচ্ছে। তবে এসব দাবি ও বাস্তব পরিস্থিতির মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৭৭ সালের ২ ডিসেম্বর গৃহীত ৩২/৪০ বি নম্বর প্রস্তাবের ভিত্তিতে প্রতিবছর ২৯ নভেম্বর দিবসটি পালিত হয়। ১৯৪৭ সালের এই দিনে সাধারণ পরিষদ ফিলিস্তিনকে একটি আরব ও একটি ইহুদি রাষ্ট্রে বিভক্ত করার ১৮১ নম্বর প্রস্তাব গ্রহণ করেছিল। প্রস্তাবে জেরুজালেমের জন্য বিশেষ আন্তর্জাতিক শাসনব্যবস্থার কথাও বলা হয়েছিল।
দিবসটি উপলক্ষে নিউইয়র্ক, জেনেভা, ভিয়েনা ও নাইরোবিতে জাতিসংঘের বিভিন্ন দপ্তরে সভা ও আলোচনা হয়। বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থী সংগঠন, দূতাবাস ও ফিলিস্তিনি প্রতিষ্ঠানও সংহতি কর্মসূচি পালন করে।
আরও পড়ুন: গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা রোডম্যাপ প্রকাশ
১৯৭৪ সালের ১৪ অক্টোবর সাধারণ পরিষদ ফিলিস্তিন মুক্তি সংস্থাকে (পিএলও) আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানায়। একই বছরের ২২ নভেম্বর ৩২৩৭ নম্বর প্রস্তাবে সংস্থাটিকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়।
১৯৮৮ সালের ১৫ নভেম্বর ফিলিস্তিন জাতীয় পরিষদ স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেয়। ওই বছরের ১৫ ডিসেম্বর ৪৩/১৭৭ নম্বর প্রস্তাবে সাধারণ পরিষদ ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণার বিষয়টি নথিভুক্ত করে এবং জাতিসংঘের কার্যক্রমে ‘পিএলও’র বদলে ‘ফিলিস্তিন’ নাম ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
২০১১ সালের ২৩ সেপ্টেম্বর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য আনুষ্ঠানিক আবেদন করেন। আবেদনটি নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট কমিটিতে পর্যালোচনা করা হলেও কমিটি সর্বসম্মত সুপারিশে পৌঁছাতে পারেনি। ফলে পূর্ণ সদস্যপদ পাওয়ার প্রক্রিয়া এগোয়নি।
২০১২ সালের ২৯ নভেম্বর ৬৭/১৯ নম্বর প্রস্তাবে ১৩৮টি দেশের সমর্থনে ফিলিস্তিন ‘অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের’ মর্যাদা পায়।
২০১৫ সালের ১০ সেপ্টেম্বর ৬৯/৩২০ নম্বর প্রস্তাবে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রগুলোর পতাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। ওই বছরের ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রথমবারের মতো ফিলিস্তিনের পতাকা ওড়ে।
২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ১২৪টি দেশের সমর্থনে একটি প্রস্তাব গৃহীত হয়। এতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব ১২ মাসের মধ্যে অবসানের দাবি জানানো হয়। নির্ধারিত সময়সীমা ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হলেও ইসরায়েল সেই দাবি বাস্তবায়ন করেনি।
আরও পড়ুন: শিশুকে বুকে জড়িয়ে বৃষ্টির সঙ্গে লড়াই, গাজায় অসহায় মানুষের আর্তনাদ
২০২৫ সালের ১৭ নভেম্বর নিরাপত্তা পরিষদ ২৮০৩ নম্বর প্রস্তাব গ্রহণ করে। ১৩টি দেশের সমর্থনে প্রস্তাবটি পাস হয়, চীন ও রাশিয়া ভোটদানে বিরত থাকে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাবিষয়ক পরিকল্পনা অনুমোদন করা হয়। যুদ্ধবিরতি কার্যকর রাখা, মানবিক সহায়তা, গাজা পুনর্গঠন ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের বিষয় এতে ছিল। পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার ও পুনর্গঠনে অগ্রগতির পর আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার একটি বিশ্বাসযোগ্য পথ তৈরির সম্ভাবনার কথা বলা হয়।
এসব অগ্রগতি সত্ত্বেও ফিলিস্তিন এখনো জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পায়নি। আন্তর্জাতিক স্বীকৃতি, পূর্ণ সদস্যপদ অর্জন ও দখলদারত্বের অবসানে কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) ২৬ নভেম্বরের প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, ১৭ থেকে ২৩ নভেম্বর এক সপ্তাহে গাজায় ২৯ জন নিহত এবং ১২৯ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যত হামাস নিয়ন্ত্রিত প্রশাসনের অধীনে পরিচালিত হয়। একই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত গাজায় ১ হাজার ৬৭৯ জন নিহত এবং ৬ হাজার ১০০ জন আহত হয়েছেন।
শীতের আগমনে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ বেড়েছে। ৬ নভেম্বর থেকে ভারী বৃষ্টিতে বহু তাঁবু ও অস্থায়ী আশ্রয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিসেফ ২৭ নভেম্বরের প্রতিবেদনে জানায়, গাজায় প্রায় ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ বন্যাঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন। তাদের মধ্যে প্রায় ৪ লাখ মানুষ অত্যন্ত উচ্চ ঝুঁকিতে রয়েছেন। ওসিএইচএর হিসাবে, গাজার প্রায় ১৩ লাখ ৬০ হাজার মানুষ, অর্থাৎ জনসংখ্যার ৬৫ শতাংশ, এখনো তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে বসবাস করছেন।
ওসিএইচএ জানায়, নিরাপত্তাহীনতা, চলাচলে বিধিনিষেধ, প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি ও অর্থায়নের সংকটে সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। চলতি বছর অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য জাতিসংঘের ৪০৬ কোটি ডলারের জরুরি আবেদনের বিপরীতে এখন পর্যন্ত মাত্র ৩৫ দশমিক ৫ শতাংশ অর্থায়ন হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত গাজায় মেনিনজাইটিসের ৬৯২টি সন্দেহভাজন সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব সন্দেহভাজন রোগীর অধিকাংশই এক বছরের কম বয়সী শিশু। তবে মাত্র প্রায় ৪ শতাংশ ক্ষেত্রে পরীক্ষাগারে সংক্রমণ নিশ্চিত হয়েছে।
পশ্চিম তীরেও সহিংসতা, বসতি স্থাপনকারীদের হামলা ও চলাচলে বিধিনিষেধ অব্যাহত আছে। জাতিসংঘের হিসাবে, ১৭ থেকে ২৩ নভেম্বর এক সপ্তাহে ইসরায়েলি কর্তৃপক্ষ অনুমতিপত্র না থাকার কারণ দেখিয়ে সেখানে ৭৯টি ফিলিস্তিনি স্থাপনা ধ্বংস করেছে।
ফিলিস্তিন এখনো জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পায়নি, গাজার মানবিক সংকটও কাটেনি।
তথ্যসূত্র: জাতিসংঘ, ওসিএইচএ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও শেহাব নিউজ এজেন্সি