Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইরানের শর্ত না মানলে বন্ধ থাকবে হরমুজ

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি। 

তিনি বলেছেন, ইরানের অবস্থানকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে- তা তাদের অবশ্যই বুঝতে হবে। খবর আল-জাজিরার।

রোববার (২৯ নভেম্বর) বার্তাসংস্থা ইরনাকে তিনি বলেন, এই অঞ্চলের নিরাপত্তা আগে যেমন ছিল সেটি ঠিক ওই জায়গায় ফিরতে হবে। 

এজন্য প্রয়োজন এই অঞ্চলের বাস্তবতাকে মেনে নেওয়া এবং যে পথ এই অঞ্চলের নিরাপত্তাকে বিঘ্ন করে সেটি পরিহার করা।

এছাড়া আরব দেশগুলোকে বুঝতে হবে তারা কার পক্ষে আছে— যোগ করেন অ্যাডমিরাল শাহরাম ইরানি।

আরও পড়ুন: সৌদিতে পাকিস্তানের সেনা মোতায়েন

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ শুরুর আগে হরমুজ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হতো।

মার্কিনি ও ইসরায়েলিদের যৌথ হামলার পরই হরমুজ বন্ধ করে দেয় তেহরান। এরপর থেকে দেশটি বলে আসছে, তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ আর খোলা হবে না।

ইরান শর্ত দিয়েছে তাদের যেসব সম্পদ জব্দ করে রাখা হয়েছে সেগুলো ছেড়ে দিতে হবে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং তেল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 

এছাড়া যুক্তরাষ্ট্র যে নৌ-অবরোধ আরোপ করে রেখেছে সেটি তুলে নিতে হবে। আর যুক্তরাষ্ট্র যদি এসব শর্ত মানে তাহলে দুদিনের মাথায় হরমুজ খুলে দেওয়া হবে।

গত ১০ দিনে হরমুজে প্রায় ৫০টি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

-এমএমএস