আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম
সৌদি আরবের নিরাপত্তা বাড়াতে দেশটিতে নিজেদের আরও সেনা মোতায়েন করেছে পাকিস্তান। রোববার (২৯ নভেম্বর) পাকিস্তানের সেনাবাহিনী এ ঘোষণা দিয়েছে।
এরআগে গত শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেন মক্কা জোটের তিন দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা।
তাদের বৈঠকের একদিন পরই নতুন করে সেনা মোতায়েনের ঘোষণা দিলো পাক সেনাবাহিনী। খবর ইরান ইন্টারন্যাশনালের।
এই সেনারা শনিবার সৌদির উদ্দেশ্যে রওনা দেয়। আর তাদের বিদায় জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
মক্কা জোটের বৈঠকের পর তিন দেশ যৌথভাবে সৌদিতে ইয়েমেনের হামলার নিন্দা জানান।
গত জুলাই থেকে সৌদি ও হুথিদের মধ্যে উত্তেজনা চলছে। এ সময়ে সৌদির বিমানবন্দর, তেল স্থাপনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে হুথিরা।
সৌদিও একইভাবে হুথিদের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ বিস্তৃত অঞ্চল দখল করে নেয়।
এরপর ২০১৫ সালে সৌদি জোট হুথিদের ওপর ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ সাত বছর বিমান হামলা চালিয়েছে। তবে হুথিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে সরে যায়নি।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় তাদের যুদ্ধবিরতি হয়েছিল। তবে চলতি বছরের জুলাইয়ে সৌদি জোট সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালালে নতুন করে আবারও লড়াই শুরু হয়।
অপরদিকে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারের সেনাবাহিনী স্থল অভিযান শুরু করে। এতে করে দেশটিতে নতুন করে আবারও গৃহযুদ্ধ শুরু হয়েছে।
-এমএমএস