Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও স্কুলে সেনাবাহিনীর হামলা, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় দেশটির বিভিন্ন এলাকায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষ এবং একটি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও তরুণ বৌদ্ধ ভিক্ষুরাও রয়েছেন। এ ছাড়া রাখাইন রাজ্যের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় আরও ১০ জনের বেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, শনিবার (২৮ নভেম্বর) বিকেলে দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের মো বাই গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালায় সেনাবাহিনী। এতে অন্তত ২১ জন নিহত এবং ৩৫ জনের বেশি আহত হয়েছেন।

অন্যদিকে, বৃহস্পতিবার মধ্য মিয়ানমারের মাগওয়ে অঞ্চলের ইন ইয়োন গ্রামের একটি স্কুলে বিমান হামলায় অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নির্বাসিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি)। নিহতদের মধ্যে শিক্ষার্থী, তরুণ বৌদ্ধ ভিক্ষু ও শিক্ষক রয়েছেন। এলাকাটিতে জান্তাবিরোধী প্রতিরোধ বাহিনীর তৎপরতা রয়েছে।

এসব হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকার কোনো মন্তব্য করেনি।

শনিবার সন্ধ্যায় পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরেও বিমান হামলা চালায় সেনাবাহিনী। স্থানীয় সময় রাত ৮টার দিকে শহরটির একটি আবাসিক এলাকায় বোমা হামলায় ১০ জনের বেশি নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এলাকাটি আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করা শক্তিশালী জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর একটি এই বাহিনী।

সামরিক নিয়ন্ত্রণ কমছে জান্তার

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। দেশটির বিভিন্ন অঞ্চলে জান্তাবিরোধী প্রতিরোধ বাহিনী ও জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে সেনাবাহিনীর সংঘাত অব্যাহত রয়েছে।

সংঘাতে একের পর এক এলাকা ও সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা। বিশেষ করে রাখাইন রাজ্যে আরাকান আর্মির অগ্রগতিতে সেনাবাহিনী বড় ধরনের ভূখণ্ড হারিয়েছে। বর্তমানে রাজ্যটির অধিকাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তবে রাজধানী সিতওয়েসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এখনো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে।

২০২৪ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭১ কিলোমিটার সীমান্তের পুরো অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।

সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে জনবল ও সামরিক সরঞ্জাম হারাচ্ছে জান্তা। এমন পরিস্থিতিতে বিমান হামলার মাধ্যমে প্রতিরোধ বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে সেনাবাহিনী।

এর আগে গত সেপ্টেম্বরে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হন বলে জানিয়েছিল আরাকান আর্মি। ওই হামলায় আরও অন্তত ৫৮ জন আহত হয়েছিলেন।

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে

গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করেন। কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করে আইসিজের এটিই প্রথম চূড়ান্ত রায়।

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালত রায়ে বলেন, উত্তর রাখাইন রাজ্যে ২০১৭ সালের সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে মিয়ানমার।

আদালত আরও বলেন, গণহত্যার অভিযোগসংক্রান্ত প্রমাণ সংরক্ষণের বাধ্যবাধকতা পালনে মিয়ানমার ব্যর্থ হয়েছে এবং প্রমাণ ধ্বংসের ঘটনাও ঘটেছে।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। বর্তমানে তাদের বড় একটি অংশ কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে বসবাস করছেন।

তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতেই ওই সামরিক অভিযান চালানো হয়েছিল। সূত্র: বিবিসি।

এমআর