আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
আফগানিস্তানে একটি স্কুলের কাছে বিস্ফোরণের ঘটনায় অন্তত সাত শিক্ষার্থী নিহত এবং ৯৯ জন আহত হয়েছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, শনিবার (২৮ নভেম্বর) সকালে কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের আন্দারসেইর এলাকায় এই ঘটনা ঘটে। খবর বিবিসির।
কর্মকর্তারা জানিয়েছেন নিহত এবং আহতের এই সংখ্যা প্রাথমিক। আরও তথ্য পাওয়া গেলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
কুনার প্রাদেশিক সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মৌলভী সামিউল হক কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানান, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ওই স্কুলের সীমানার সঙ্গে লাগোয়া একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরনের ধাক্কা লাগে স্কুলটিতেও।
আরও পড়ুন:
ওই বাড়ির বাসিন্দারা খনি ব্যবসার সঙ্গে যুক্ত। বাড়িটিতে ডিনামাইটের মজুত ছিলো। কর্মকর্তাদের ধারণা, সেই ডিনামাইটই এ বিস্ফোরণের জন্য দায়ী।
মৌলভী সামিউল হক এ ঘটনায় বিস্তারিত আর কিছু জানাননি। আল-জাজিরাকে তিনি বলেছেন, এই মুহূর্তে এর চেয়ে বেশি কোনো তথ্য তাদের কাছে নেই।
কুনার প্রাদেশিক প্রশাসনের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, প্রাদেশিক ও কাবুলের কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি-না— তা এখনও জানা যায়নি।
আফগানিস্তানের কুনার প্রদেশের সঙ্গে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্ত আছে।
-এমএমএস