আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ এএম
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীবাহী একটি নৌকা থেকে অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও গুরুতর অসুস্থ ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলেছে, নৌকাটিতে আট থেকে ১০ জনের মরদেহ পাওয়া গেছে। প্রায় ১০০ জন যাত্রী বহর করা নৌকাটি ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপের দক্ষিণে ৩৯ নটিক্যাল মাইল (প্রায় ৭২ কিলোমিটার) দূরে শনাক্ত করা হয়। পরে সেটিকে লা এস্তাকা বন্দরের দিকে টেনে নেওয়া হচ্ছিল। তবে অভিবাসীদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো স্পস্ট নয়।
এদিকে আলাদা আরেকটি নৌকা থেকে উদ্ধার হওয়া ৮৪ জন অভিবাসী এল হিয়েরো দ্বীপের লা রেস্টিঙ্গা বন্দরে পৌঁছেছেন। সেখানে অভিবাসীদের জন্য অভ্যর্থনা কেন্দ্র ও অস্থায়ী চিকিৎসাকেন্দ্র রয়েছে।
প্রতি বছর পশ্চিম আফ্রিকা থেকে হাজারো মানুষ অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে পৌঁছানোর চেষ্টা করেন। পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হওয়ায় দ্বীপপুঞ্জটি অভিবাসীদের কাছে গুরুত্বপূর্ণ গন্তব্য। তবে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।
সাম্প্রতিক সময়ে দ্বীপপুঞ্জটিতে অভিবাসীদের আগমন বেড়েছে। গত ২৫ নভেম্বর এক দিনেই সেখানে রেকর্ড ২ হাজার ১০০ জন অভিবাসী দ্বীপপুঞ্জটি পৌঁছান। তাদের অধিকাংশই এল হিয়েরো দ্বীপে অবতরণ করেন।
সূত্র: আল জাজিরা
এমএইচআর