Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইলন মাস্ক কেন মহাকাশে দশ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার স্থাপন করতে চান?

আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর ২০২৬, ০৩:১২ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মহাকাশে ১০ লাখ স্যাটেলাইটভিত্তিক ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করেছেন মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের এই পরিকল্পনায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)।  

গত বুধবার (২৫ নভেম্বর) স্পেসএক্সের পরিকল্পনাটি অনুমোদন করে এফসিসি। ‘স্টারমাইন্ড’ নামের এই প্রকল্প বাস্তবায়িত হলে মহাকাশেই গড়ে উঠবে বিশাল কম্পিউটিং নেটওয়ার্ক, যার মাধ্যমে পৃথিবীতে এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ করা হবে।

এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো প্রতিষ্ঠানকে একসঙ্গে ১০ লাখ অরবিটাল কম্পিউটিং মডিউল স্থাপনের অনুমতি দেওয়া হলো।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের প্রয়োজন মেটাতে এই স্যাটেলাইটগুলো ব্যবহার করা হবে। মহাকাশে তথ্য প্রক্রিয়াকরণের পর সেগুলোর ফলাফল পৃথিবীতে পাঠানো হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র উন্নত প্রযুক্তি ও মহাকাশ খাতে বিনিয়োগ বাড়ানোর পথে এগোচ্ছে বলেও মন্তব্য করেছেন ব্রেন্ডন কার।

মাস্কের পরিকল্পনা কী?

বর্তমানে এআই প্রযুক্তি পরিচালনার অন্যতম প্রধান অবকাঠামো হলো ডেটা সেন্টার। এসব কেন্দ্রে বিপুলসংখ্যক সার্ভার ও শক্তিশালী কম্পিউটার ব্যবহার করা হয়। এগুলো চালাতে প্রচুর বিদ্যুৎ প্রয়োজন হয়। পাশাপাশি সার্ভার থেকে উৎপন্ন তাপ নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করতে হয় শক্তিশালী শীতলীকরণ ব্যবস্থা, যার জন্য বিপুল পরিমাণ পানির প্রয়োজন হয়।

স্পেসএক্সের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি স্যাটেলাইটে থাকবে বিশেষায়িত এআই কম্পিউটিং ব্যবস্থা। এগুলো সূর্যের আলো থেকে সৌরবিদ্যুৎ সংগ্রহ করে পরিচালিত হবে। পৃথিবীর নিম্ন কক্ষপথে এমনভাবে স্যাটেলাইটগুলো স্থাপন করা হবে, যাতে দীর্ঘ সময় সূর্যালোক পাওয়া যায়। স্যাটেলাইটে প্রক্রিয়াকৃত তথ্য দ্রুতগতিতে পৃথিবীতে পাঠানো হবে।

সংস্থাটির দাবি, পৃথিবীতে নতুন ডেটা সেন্টার স্থাপনের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এআই প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের চাহিদা। ফলে বিদ্যুৎ উৎপাদন, জমির প্রাপ্যতা এবং অবকাঠামো নির্মাণের সীমাবদ্ধতা মোকাবিলায় মহাকাশে ডেটা সেন্টার স্থাপন কার্যকর বিকল্প হতে পারে।

স্পেসএক্স তার ওয়েবসাইটে এই পরিকল্পনাটিকে ‘স্বল্প খরচের এবং উচ্চ কর্মক্ষম বলে অভিহিত করেছে।

যুক্তরাষ্ট্রের অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান এনভায়রনমেন্টাল অ্যান্ড এনার্জি স্টাডি ইনস্টিটিউটের ২০২৫ সালের এক তথ্য অনুযায়ী, বড় আকারের একটি ডেটা সেন্টার প্রতিদিন সর্বোচ্চ ৫০ লাখ গ্যালন পানি ব্যবহার করতে পারে। ১০ হাজার থেকে ৫০ হাজার মানুষের বসবাসের একটি শহরের দৈনিক পানির চাহিদার সমান এই পরিমাণ। এছাড়া ডেটা সেন্টার পরিচালনায় ব্যবহৃত বিদ্যুতের একটি বড় অংশ জীবাশ্ম জ্বালানি থেকে এলে কার্বন নিঃসরণও বাড়ে।

এসব কারণে যুক্তরাষ্ট্র, কেনিয়া ও ভারতের বিভিন্ন এলাকায় ডেটা সেন্টার নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

স্থানীয় জনগোষ্ঠীর অভিযোগ, ডেটা সেন্টারের জন্য অতিরিক্ত পানি ও বিদ্যুৎ ব্যবহারের ফলে স্থানীয় সম্পদের ওপর চাপ তৈরি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে যেসব এলাকায় পানির সংকট বাড়ছে, সেখানে এই চাপ আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করা গেলে এসব সমস্যার কিছুটা সমাধান হতে পারে বলে মনে করছে স্পেসএক্স। সেখানে বড় আকারের জমির প্রয়োজন হবে না এবং সৌরশক্তি ব্যবহার করে কম্পিউটিং ব্যবস্থা পরিচালনা করা সম্ভব হবে। তবে পরিকল্পনাটি বাস্তবায়নে বড় ধরনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে।

এর মধ্যে অন্যতম হলো তাপ নিয়ন্ত্রণ। পৃথিবীতে ডেটা সেন্টারের সার্ভার ঠান্ডা রাখতে বাতাস ও পানির মাধ্যমে তাপ সরিয়ে নেওয়া হয়। কিন্তু মহাকাশে বায়ুমণ্ডল ও তরল পানির স্বাভাবিক উপস্থিতি নেই। ফলে কম্পিউটিং মডিউল থেকে উৎপন্ন তাপ অপসারণ করা কঠিন হবে। এ জন্য বিশেষ তাপ বিকিরণকারী ব্যবস্থা তৈরি করতে হবে, যা প্রকল্পটির ব্যয় ও প্রযুক্তিগত জটিলতা বাড়াতে পারে।

এদিকে মহাকাশে বিপুলসংখ্যক স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানী ও পরিবেশবিদেরাও। 

তাদের আশঙ্কা, এত বিপুলসংখ্যক স্যাটেলাইট পৃথিবীর রাতের আকাশ পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করবে। স্যাটেলাইটের প্রতিফলিত আলো ও রেডিও তরঙ্গের কারণে দূরবর্তী নক্ষত্র, গ্রহ এবং অন্যান্য মহাজাগতিক বস্তু নিয়ে গবেষণা কঠিন হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রের আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (এএএস) এফসিসির অনুমোদনের সমালোচনা করেছে। 

সংস্থাটি বলেছে, এই বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক মহাকাশ গবেষণার জন্য তৈরি কয়েক দশকের অবকাঠামো ও বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করতে পারে। রাতের আকাশ পর্যবেক্ষণ ও গবেষণার সুযোগও সীমিত হয়ে পড়তে পারে।

এএএস আরও উদ্বেগ জানিয়েছে, স্যাটেলাইট পরিচালনার ক্ষেত্রে স্পেসএক্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের সমন্বয়ের বিষয়টি অনুমোদনপত্রে বাধ্যতামূলক করা হয়নি।

এদিকে মহাকাশে এত বিপুলসংখ্যক স্যাটেলাইট পাঠানোর বাস্তবতা নিয়েও প্রশ্ন রয়েছে। বর্তমানে পৃথিবীর কক্ষপথে সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা প্রায় ১৭ হাজার। এর মধ্যে স্পেসএক্সের স্টারলিংক নেটওয়ার্কের স্যাটেলাইট রয়েছে ১১ হাজারের বেশি। ফলে নতুন প্রকল্পের অনুমোদিত সংখ্যা বর্তমান সক্রিয় স্যাটেলাইটের সংখ্যার তুলনায় বহুগুণ বেশি।

এফসিসির অনুমোদন অনুযায়ী, স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে মোট অনুমোদিত সংখ্যার ১০ শতাংশ, অর্থাৎ এক লাখ স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করতে হবে। ২০৩৮ সালের মধ্যে অর্ধেক এবং ২০৪০ সালের মধ্যে পুরো নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, এক মিলিয়ন স্যাটেলাইট উৎক্ষেপণ ও পরিচালনা করতে হলে বিপুলসংখ্যক রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইটের সংঘর্ষ এড়ানো এবং মহাকাশের বর্জ্য ব্যবস্থাপনার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। স্যাটেলাইটের কোনো অংশ অকেজো হয়ে গেলে সেটি মেরামত বা প্রতিস্থাপন করাও ব্যয়বহুল হতে পারে।

এ ছাড়া এত বিপুলসংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ ও পরে বায়ুমণ্ডলে প্রবেশের সময় পরিবেশের ওপর কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়েও বিজ্ঞানীদের উদ্বেগ রয়েছে। পৃথিবীর নিম্ন কক্ষপথে মহাকাশ বর্জ্যের পরিমাণ বাড়লে ভবিষ্যতে স্যাটেলাইট পরিচালনা এবং মহাকাশ অভিযান ঝুঁকির মুখে পড়তে পারে।

সূত্র: আলজাজিরা

এমএইচআর