নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ এএম
রাজধানী ঢাকার চারটি পৃথক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে হাতিরপুল, ওয়ারী, কাফরুল ও ধানমন্ডি থানা এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও হাতিরপুলে বিস্ফোরণের পর পালানোর সময় একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এরআগে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীত পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
তিনি জানান, বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ধাওয়া করলেও আটক করতে পারেননি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের শব্দ শোনার পর ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হয়। জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।
এমএইচআর