Dhaka Mail Logo

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিরোধীদলীয় নেতার পদ হারালেন ঋতব্রত 

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলীয় নেতার পদ হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট তার নিয়োগ বাতিল করে বিধানসভার স্পিকারকে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিধানসভায় তৃণমূলের প্রধান হুইপ হিসেবে আখরুজ্জামানের নিয়োগও বাতিল করেছে আদালত।

শুক্রবার (২৭ নভেম্বর) বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ এই রায় দেন। 

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা এবং আখরুজ্জামানকে প্রধান হুইপ হিসেবে নিয়োগের বিষয়ে স্পিকারের ৩ জুনের অন্তর্বর্তী আদেশ আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয়। স্পিকার রথীন্দ্র বোসকে বিষয় দুটি নতুন করে বিবেচনা করে আইন অনুসারে কারণ উল্লেখ করে সিদ্ধান্ত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য আদালত ১০ দিন সময় দিয়েছেন।

গত ৩ জুন বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস ঋতব্রতকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেন। একই সময়ে আখরুজ্জামানকে প্রধান হুইপ করা হয়। 

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী জ্যেষ্ঠ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা করার পক্ষে অবস্থান নেয়।

শোভনদেব চট্টোপাধ্যায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় আসে।

আবেদনে বলা হয়, দলের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতা হিসেবে শোভনদেবের নাম প্রস্তাব করা হলেও স্পিকার বিদ্রোহী গোষ্ঠীর সমর্থন পাওয়া ঋতব্রতকে ওই পদে স্বীকৃতি দিয়েছিলেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন শোভনদেব।

চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলটির অভ্যন্তরীণ বিভক্তি প্রকাশ্যে আসে। দলীয় প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধের জেরে নির্বাচনে তৃণমূলের জয়ী মোট ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেন এবং ঋতব্রতকে সমর্থন করেছিলেন।

এর আগে ১৮ আগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, শোভনদেবের করা মূল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঋতব্রত বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে একক বেঞ্চকে দুই মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছিল।

শুক্রবারের রায়ে সেই অন্তর্বর্তী স্বীকৃতির আইনি ভিত্তি বাতিল হয়ে গেল। তবে আদালত সরাসরি শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা ঘোষণা করেননি। বরং স্পিকারকে নতুন করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে বলেছেন।

এই রায়ের ফলে পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব নতুন মোড় নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী এবং বিদ্রোহী বিধায়কদের মধ্যে বিধানসভায় দলের প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিয়ে বিরোধ এখন আদালতের সিদ্ধান্তের পর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার


এমএইচআর