Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মার্কিন সেনাদের চোখ ফাঁকি দিয়ে জব্দ দুটি ট্যাংকার উদ্ধার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

মার্কিন সামরিক বাহিনীর জব্দ করা দুটি ইরানি তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনীর দাবি, জাহাজ দুটি মার্কিন সেনারা ‘চুরি’ করে নিয়ে গিয়েছিল।

শুক্রবার (২৭ নভেম্বর) তেহরানে জুম্মার নামাজের খুতবায় এই তথ্য জানান ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি। 

তিনি বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী ইরানের দুটি তেলবাহী ট্যাংকার চুরি করেছিল, কিন্তু আমাদের বাহিনী জাহাজগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে।’

শাহরাম ইরানি আরও দাবি করেন, জাহাজ দুটির নাবিকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় ইরানি বাহিনী সেগুলোতে অভিযান চালিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

তবে কখন জাহাজ দুটি জব্দ করা হয়েছিল এবং কখন উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানের নৌবাহিনীর কমান্ডার আরও অভিযোগ করেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে মার্কিন বাহিনী জাহাজমালিকদের কাছ থেকে অর্থ আদায় করছে। কিন্তু কোনো জাহাজ হামলার শিকার হলে যুক্তরাষ্ট্র তার দায় নেয় না এবং আদায়কৃত অর্থও ফেরত দেয় না।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগত জলপথ হরমুজ প্রণালি চরম সামরিক উত্তেজনা ও অচলাবস্থা বিরাজ করছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই পথ অতিক্রমের চেষ্টা করলে সেগুলোতে হামলা চালানো হচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে এবং পাল্টা নৌ-অবরোধ বজায় রেখেছে। 

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ কঠোরভাবে বলবৎ রয়েছে। এই অবরোধের আওতায় এখন পর্যন্ত প্রায় ১৫০টি জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে এবং ইরানের ৩০ বিলিয়ন ডলারেরও বেশি তেল রফতানি আয় আটকে দেওয়া হয়েছে।

সূত্র: মেহের নিউজ আনাদোলু, 

এমএইচআর