আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হামলাটিকে সন্দেহজনক আখ্যা দিয়ে বলেছেন, এর মাধ্যমে যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা করা হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি এ অবস্থান তুলে ধরেন। তিনি জানান, এ ঘটনায় ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে দুই দেশের সঙ্গে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে তেহরান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে দুই ইতালীয় নাগরিক নিহত হন। আহত হন পাকিস্তানের একজন এবং কুয়েতের একজন নাগরিক। নিহত দুই ইতালীয় কুয়েতে বেসামরিক টেকনিশিয়ান হিসেবে কাজ করছিলেন।
হামলার পর কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইরান থেকে ছোড়া একটি ড্রোন গুরুত্বপূর্ণ স্থাপনাটিকে লক্ষ্য করে আঘাত হানে। প্রথমে চারজন আহত হওয়ার তথ্য জানানো হলেও পরে দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
তবে কুয়েতের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ওই দিন ইরানের সশস্ত্র বাহিনী এ অঞ্চলে কোনো সামরিক অভিযান বা হামলা পরিচালনা করেনি।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হয়। এর জবাবে কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান। ওই সময় একটি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। এ ছাড়া ভুলবশত কুয়েতের সেনাদের গুলিতে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়।
উপসাগরীয় অঞ্চলের আয়তনে ছোট দেশ কুয়েতে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। অতীতে ইরান দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
>> আরও পড়ুন
এদিকে গত সপ্তাহে বাহরাইনেও একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটে। সর্বশেষ হামলায় দেশটির একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
এমন পরিস্থিতিতে কুয়েতে সর্বশেষ ড্রোন হামলার দায় অস্বীকার করে ইরান বলছে, ঘটনার নিরপেক্ষ তদন্তে তারা সহযোগিতা করতে প্রস্তুত। অন্যদিকে হামলার উৎস ও দায় নির্ধারণ নিয়ে তেহরান ও কুয়েতের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে। সূত্র: আল জাজিরা
/এএস