Dhaka Mail Logo

আন্তর্জাতিক

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত, দায় অস্বীকার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ এএম

কুয়েতে একটি স্থাপনায় ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত দুজন জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের হয়ে কাজ করতেন। ইতালি ও কুয়েত হামলার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান তা অস্বীকার করেছে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুজন রাইনমেটাল ইতালিয়ার কারিগরি কর্মী ছিলেন। তারা কুয়েতের সশস্ত্র বাহিনীর ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ কেন্দ্রে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। নিহতদের একজনের বয়স ৩৬ বছর। অন্যজনের বয়স ছিল ৬৫ বছর। তিনি অবসরের কাছাকাছি ছিলেন।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান থেকে আসা বেশ কয়েকটি ড্রোন শনাক্ত করে প্রতিহত করা হয়। এরপর ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে দুই ইতালীয়, একজন কুয়েতি ও একজন পাকিস্তানি নাগরিক আহত হন। পরে দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করে কুয়েতের সেনাবাহিনী।

আরও পড়ুন: কুয়েতে ড্রোন হামলা ইরানের, ২ ইতালীয় নাগরিক নিহত

কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এ হামলা চালানো হয়েছে। একে তারা ‘জঘন্য ইরানি আগ্রাসন’ বলে উল্লেখ করেছে।

তবে হামলার দায় অস্বীকার করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি বলেছেন, ইরানের সামরিক বাহিনী কোনো সামরিক বা আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেনি।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি তার সহমর্মিতা রয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন এ হামলার নিন্দা জানিয়ে ইরানের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রতিবেশী দেশ ও উপসাগরীয় অঞ্চলের অংশীদারদের ওপর এ ধরনের হামলা বন্ধ করতে ইরানকে চাপ দিতে হবে। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ইউরোপের নিরাপত্তার সঙ্গেও জড়িত।

এর এক সপ্তাহ আগে দুই মাসের বেশি সময় পর কুয়েতের একটি বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করেন। কুয়েতের দাবি, তারা হামলাটি প্রতিহত করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা এবং আলোচনায় অচলাবস্থার কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক স্থাপনা ও সেনা রয়েছে, সেসব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এ অঞ্চলে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর হামলা চালিয়েছে।

সূত্র: বিবিসি