আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ পিএম
ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণ ও হীরাখচিত অলংকার দান করেছেন চেন্নাইয়ের এক ব্যবসায়ী। দান করা অলংকারগুলোর মূল্য প্রায় ২০৬ কোটি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিরুমালা তিরুপতি দেবস্থানমস (টিটিডি) মন্দির কর্তৃপক্ষের কাছে এসব অলংকার হস্তান্তর করেন ব্যবসায়ী ভার্ধমান জৈন ও তার স্ত্রী রাধিকা জৈন। দানের সময় উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।
প্রতিবেদনে বলা হয়, দান করা অলংকারগুলোর মোট ওজন ১২১ কেজি। অলংকারের মধ্যে রয়েছে স্বর্ণের মুকুট, হার, বাহুবন্ধ, কোমরবন্ধ, পায়ের অলংকার, কানের দুল ও বিভিন্ন ধরনের ৪৬টি স্বর্ণালংকার। এসব অলংকারে মোট ২৩৮ দশমিক ২ ক্যারেট হীরা এবং বিপুল পরিমাণ মূল্যবান রত্ন ব্যবহার করা হয়েছে।
টিটিডি জানিয়েছে, দান করা স্বর্ণের মধ্যে ১০৬ কেজি ব্যবহার করা হবে তিরুমালা মন্দিরের দেবতা শ্রী ভেঙ্কটেশ্বরের অলংকার তৈরিতে। বাকি ১৫ কেজি স্বর্ণ দিয়ে তিরুচানুর মন্দিরে দেবী পদ্মাবতীর জন্য বিশেষ পোশাক তৈরি করা হবে।
অনুষ্ঠানে দম্পতির এই দানকে অসাধারণ ভক্তি ও বিশ্বাসের প্রকাশ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
তিনি বলেন, ২০৬ কোটি রুপির স্বর্ণালংকার দান করা ব্যতিক্রমী ঘটনা। গভীর ভক্তি ও বিশ্বাস থেকেই জৈন দম্পতি এই উপহার দিয়েছেন। এমন ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
নাইডু আরও বলেন, তিরুমালা মন্দিরে কয়েক শতাব্দী ধরে রাজা, শাসক ও ভক্তরা মূল্যবান অলংকার ও সম্পদ দান করে আসছেন। বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায় থেকে শুরু করে বর্তমান সময়ের ভক্তদের মধ্যেও এই ঐতিহ্য অব্যাহত রয়েছে।
তিনি ধনী ব্যক্তিদেরও সম্পদ জনকল্যাণ, ধর্মীয় ও সামাজিক কাজে ব্যয় করার আহ্বান জানান। একই সঙ্গে মন্দিরের পবিত্রতা রক্ষা, অন্নদান, স্বাস্থ্যসেবা ও শিক্ষামূলক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
এদিকে ১২১ কেজি স্বর্ণ ও হীরাখচিত অলংকারের এই বিপুল দান করে আলোচনায় এসেছেন চেন্নাইয়ের ব্যবসায়ী ভার্ধমান জৈন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভার্ধমান জৈন বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অ্যাকসেস হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান। এছাড়া তিনি এশিয়া (চেন্নাই) ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এরআগেও তিনি মন্দির-সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগে আর্থিক ও অন্যান্য সহায়তা দিয়েছেন। এরমধ্যে শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেলের জন্য ৭ কোটি রুপি, মন্দিরের গোশালায় পশুখাদ্য মিশ্রণ কারখানা স্থাপনে ৫ কোটি রুপি এবং মুদ্রা বাছাইয়ের যন্ত্র কেনার জন্য ১ কোটি রুপি দিয়েছেন তিনি। মন্দিরের যাত্রী পরিবহনের জন্য বৈদ্যুতিক বাসও দান করেছেন।
এছাড়াও স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও ব্যবসা প্রক্রিয়া ব্যবস্থাপনা খাতে দীর্ঘদিনের উদ্যোগের জন্যও পরিচিত ভার্ধমান।
এমএইচআর