Dhaka Mail Logo

আন্তর্জাতিক

বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ 

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সফররত সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ।

ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে (প্রাইম মিনিস্টারস হাউস) বুধবার (২৫ নভেম্বর) রাতে ওই নৈশভোজের আয়োজন করা হয়।

নৈশভোজে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়। 

দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করে তিনি আরও নিবিড় প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উল্লেখ করেন, পাকিস্তানে সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের বিস্তৃত কর্মসূচি ও ব্যস্ততা দুই দেশের সংসদীয় ক্ষেত্রে সহযোগিতার বিশাল সম্ভাবনার ইঙ্গিত দেয়। 

নিয়মিত সংসদীয় বিনিময় ও সফর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে বলে তিনি জোর দেন। বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর। 

এর আগে, বুধবার (২৫ নভেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস (সংসদ ভবন) পরিদর্শন করেন। 

সফররত প্রতিনিধিদলটি পার্লামেন্ট হাউসে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্যবৃন্দ এবং জাতীয় পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি পাকিস্তানের পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে একটি ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের চারা রোপণ করেন। 

বৃক্ষরোপণের সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বাংলাদেশ ও পাকিস্তানের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিনিধিদলসহ পাকিস্তানের জাতীয় পরিষদ হলরুম পরিদর্শন করেন। এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে জাতীয় পরিষদ হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশটির সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

-এমএমএস