Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইরানে এবার একাই হামলা চালাতে চায় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি দেশটির পার্লামেন্টের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ হারিয়েছে। আর এ কারণে বেশ বেকায়দায় পড়েছেন ট্রাম্প।

ফলে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ডাকে আগের মতো সাড়া দিয়ে ইরানের ওপর হামলা চালাতে অনেকটাই অপারগ ট্রাম্প। খবর আল জাজিরার।

চতুর নেতানিয়াহু এখন বলছেন, ইরানে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের আর সহায়তার প্রয়োজন নেই ইসরায়েলের। 

দখলদার দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেছেন, যুক্তরাষ্ট্রকে সঙ্গে না নিয়েও যেকোনো মুহূর্তে ইরানে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত ইসরায়েলি সেনাবাহিনী। 

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া বক্তব্যে ডেফরিন বলেন, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি। ইসরায়েলকে ধ্বংস করার যে পরিকল্পনা তেহরানের রয়েছে, তা এখনো শেষ হয়ে যায়নি।

তিনি আরও বলেন, ইরানের হুমকি মোকাবিলায় ইসরায়েল যেকোনো সময় এবং প্রয়োজনে এককভাবেও সামরিক অভিযান চালাতে সক্ষম।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েল ও ইরানের মধ্যে নিয়মিত পালটাপালটি হুমকি ও উত্তেজনা চলছে। দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কাও ক্রমাগত বাড়ছে।

এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তেহরান ইসরায়েলে হামলা চালালে ইরানকে ‘প্রস্তর যুগে ও অন্ধকারে’ ফিরিয়ে দেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের একের পর এক কঠোর বক্তব্যে দুই দেশের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ ছাড়াই ইরানে হামলার প্রস্তুতির কথা জানিয়ে ইসরায়েল নতুন করে সামরিক অবস্থান স্পষ্ট করল।

-এমএমএস