Dhaka Mail Logo

আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যা: আইসিজের সব নির্দেশ মানবে না মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

রাখাইনে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া সব নির্দেশনা মানবে না মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বলেছেন, যেসব নির্দেশনাকে তার প্রশাসন অনুপযুক্ত মনে করবে, সেগুলো বাস্তবায়ন করবে না নেপিদো।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানী নেপিডোতে এক সরকারি বৈঠকে দেওয়া বক্তব্যে মিন অং হ্লাইং বলেন, ‘একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মিয়ানমার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে আদালতের যেসব নির্দেশনা দেশটির কাছে অনুপযুক্ত মনে হবে, সেগুলো মেনে চলবে না’।

আইসিজের কোন কোন নির্দেশনা মিয়ানমার মানবে না, সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি তিনি। 

আদালতের রায়ে গণহত্যার বিষয়টি উল্লেখ করায় দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন মিন অং হ্লাইং।

এর আগে গত সপ্তাহে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযানে গণহত্যার অভিযোগের বিষয়ে ঐতিহাসিক রায় দেন।

ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয় উল্লেখ করে আদালত রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাকাণ্ড, গ্রাম পুড়িয়ে দেওয়া এবং ব্যাপক যৌন সহিংসতাসহ বিভিন্ন অপরাধের জন্য মিয়ানমারকে দায়ী করেন।

আইসিজের রায়ে বলা আরও হয়েছে, মিয়ানমারকে গণহত্যা সনদের অধীনে চলমান লঙ্ঘন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২০১৭ সালের সামরিক অভিযানে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের তদন্ত, বিচার ও শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা, তাদের হারানো সম্পত্তি পুনরুদ্ধার বা ক্ষতিপূরণ, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং নির্যাতিতদের পুনর্বাসনের উদ্যোগ নিতে বলা হয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈষম্য ও নিপীড়ন বন্ধের পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও রয়েছে রায়ে।

আদালতের নির্দেশনা বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দুই বছরের মধ্যে প্রতিবেদন আকারে জমা দিতে হবে মিয়ানমারকে।

তবে আইসিজের রায় চূড়ান্ত হলেও তা বাস্তবায়নে আদালতের সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সীমিত। ফলে মিয়ানমার নির্দেশনা অমান্য করলে আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টি হলেও তা কার্যকর করানো কঠিন হতে পারে।

মিয়ানমার বরাবরই ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাখাইনে সেনাবাহিনীর অভিযানকে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে বর্ণনা করে আসছে। দেশটির দাবি, ওই অভিযান গণহত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়নি।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন। তাদের বেশির ভাগই কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে অবস্থান করছেন।

মিয়ানমারের নতুন এই অবস্থান রোহিঙ্গা প্রত্যাবাসন এবং তাদের ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স 

এমএইচআর