Dhaka Mail Logo

আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তে নিখোঁজ বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে নিখোঁজ হয়েছিলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য। 

দুইদিন পর বুধবার (২৫ নভেম্বর) আসামের কাছাড় জেলার কুশিয়ারা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির। 

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নিহত ওই বিএসএফ সদস্যের নাম কে ভেনু। ৩২ বছর বয়সী এই কনস্টেবল কাছাড় জেলার কাটিগড়ার হরিনগর সীমান্ত চৌকিতে (বিওপি) কর্মরত ছিলেন।

গত সোমবার সন্দেহভাজন গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে তিনি আরেক বিএসএফের আরেক সদস্যের সঙ্গে বরাক নদীতে ঝাঁপ দেন। পাচারকারীরা নদীপথে পালানোর চেষ্টা করছিলেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন ভেনু।

বিএসএফের মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ার জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীভূমি জেলার স্টিমারঘাটের কাছে নদীর ভাটির দিক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভেনুর শরীরের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিমানে করে তার মরদেহ তেলেঙ্গানায় নিজ বাড়িতে পাঠানো হবে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। এরই মধ্যে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে ভেনু নিখোঁজ হওয়ার পর তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে বলে নানা আলোচনা শুরু হয়েছিল। তবে এ ধরনের কোনো তথ্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিএসএফকে জানায়নি বলে বাহিনীটি নিশ্চিত করেছিল।

কাছাড়ের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান, সীমান্ত এলাকায় চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু পাচারকারীর চলাচলের বিষয়ে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর সেদিন বিএসএফ সদস্যরা অভিযান চালান। বিএসএফের কোম্পানি কমান্ডার তাকে জানিয়েছিলেন, সন্দেহভাজনদের আটকাতে যান হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল ভেনু। 

বিএসএফ সদস্যরা চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন ব্যক্তিরা নদীতে ঝাঁপ দেন। তাদের ধাওয়া করে বিএসএফের দুই সদস্যও নদীতে নামেন। একপর্যায়ে হেড কনস্টেবল যাদব সাঁতরে নিরাপদে ফিরে আসতে পারলেও ভেনু নিখোঁজ হন।

পরে নিখোঁজ বিএসএফ সদস্যের সন্ধানে রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), নদী পুলিশ ও বিএসএফ সদস্যরা যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেন। একপর্যায়ে বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিএসএফ।

-এমএমএস