Dhaka Mail Logo

আন্তর্জাতিক

সৌদির রাজধানী রিয়াদ-সহ একাধিক স্থানে হুথির হামলা

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ এএম

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে দেশটির রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে গোষ্ঠীটি। 

পালটা হামলা ও সংঘাতের ঘটনায় সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। খবর আল জাজিরার।

বুধবার (২৫ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, জিজান বন্দরে হুথিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। 

হামলায় কী ধরনের অস্ত্র বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে জোটটি।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরবের জেদ্দা বন্দরের আকাশে একটি হুথি ড্রোন শনাক্ত করে সেটি ধ্বংস করেছে তাদের বাহিনী। ড্রোনটি ভূপাতিত করার পর ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক মানুষ আহত হননি।

এদিকে জোটের বিবৃতির পরপরই ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক নাবিল আল-ইউসুফি।

পরে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ক্ষেপণাস্ত্রগুলো সৌদি রাজধানী রিয়াদকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।

এর আগে মঙ্গলবার রিয়াদের একটি এলাকায় একটি বহুতল ভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হুথিরা। এতে অন্তত ১১ জন আহত হন।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত আরও তীব্র হয়েছে। দুই পক্ষই একে অপরের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা, বন্দরসহ বিভিন্ন বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সৌদি বন্দরে হুথিদের হামলার আগে ইয়েমেনের হুথি-সমর্থিত আল-মাসিরা টেলিভিশন চ্যানেল দেশটির হোদেইদা বন্দরে নতুন করে সৌদি হামলার খবর প্রচার করে।

বুধবার দিনের শুরুতে হুথিরা হুঁশিয়ারি দিয়েছিল, হোদেইদা বন্দরে হামলা চালানো হলে সৌদি আরবের বন্দরগুলোতে পালটা আঘাত হানা হবে।

ইয়েমেনের রাজধানী সানা থেকে আল জাজিরার সাংবাদিক ইউসুফ মাওরি জানান, দেশটিতে আমদানি করা পণ্যের প্রায় ৯০ শতাংশই হোদেইদা বন্দর দিয়ে প্রবেশ করে। বন্দরটি বন্ধ হয়ে গেলে ইয়েমেনের মানবিক পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে।

তিনি আরও জানান, হোদেইদা বন্দরে সৌদি আরবের সাম্প্রতিক কয়েকটি হামলায় পণ্য ওঠানামার কাজে ব্যবহৃত গুদাম ও ক্রেন লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, হোদেইদা বন্দরের কার্যক্রম ব্যাহত হলে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে আগে থেকেই মানবিক সংকটে থাকা ইয়েমেনের সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে।

-এমএমএস