Dhaka Mail Logo

আন্তর্জাতিক

চীনা-পাকিস্তানি স্যাটেলাইটের নজরদারিতে ভারতের প্রতিটি ইঞ্চি

আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

ভারতের সামরিক স্থাপনা, বিমানঘাঁটি, নৌঘাঁটি ও সীমান্তবর্তী এলাকাগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারি চালাতে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে চীন ও পাকিস্তান। স্যাটেলাইটগুলো এমনভাবে কক্ষপথে অবস্থান করছে, যাতে একটি স্যাটেলাইট কোনো নির্দিষ্ট এলাকার ওপর থেকে সরে গেলে অন্যটি সেই এলাকার নজরদারির দায়িত্ব নিতে পারে। এর ফলে ভারতের বিস্তীর্ণ অঞ্চলের ওপর প্রায় নিরবচ্ছিন্ন নজরদারি করছে দেশ দুটি। 

বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি প্রতিষ্ঠান দিগান্তার একটি প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২৫ সালের ভারত-পাকিস্তানের মধ্যে ৮৮ ঘণ্টার সংঘাতের সময় দুই দেশের এই মহাকাশ সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওই সময় ভারতের সামরিক স্থাপনা ও কৌশলগত অবস্থান পর্যবেক্ষণে চীনের উচ্চক্ষমতাসম্পন্ন অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ইয়াওগান-৪১ নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, চীনের এই স্যাটেলাইটটি ভারতীয় উপমহাদেশের বিস্তীর্ণ অঞ্চল পর্যবেক্ষণে সক্ষম। অপারেশন সিন্দুর চলাকালে ভারতের বিমানঘাঁটিগুলোর ওপর নজরদারিতে এটি ব্যবহৃত হয়েছিল।

২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাকিস্তান মহাকাশে ছয়টি স্যাটেলাইট পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি স্যাটেলাইট চীনের রকেট ও উৎক্ষেপণকেন্দ্র ব্যবহার করে মহাকাশে পাঠানো হয়। এগুলোর মধ্যে রয়েছে—পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-আর্থ অবজারভেশন ১ (পিআরএসসি-ইও১), পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-২ (পিআরএসএস-২), এইচএস-১, পিআরএসসি-ইও২ এবং পিআরএসসি-ইও৩।

এসব স্যাটেলাইটের মাধ্যমে ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, সীমান্তবর্তী স্থাপনা, বিমানঘাঁটি, নৌবাহিনীর ঘাঁটি এবং অন্যান্য কৌশলগত অবস্থানের ওপর নজরদারির সক্ষমতা বাড়ছে। চীনের বিদ্যমান স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে পাকিস্তানের নতুন স্যাটেলাইটগুলো যুক্ত হওয়ায় নজরদারির সময় ও পরিধি আরও বাড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের স্যাটেলাইট সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ অবশ্য নতুন নয়। ২০১৮ সাল থেকেই চীনের সহযোগিতায় একাধিক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ইসলামাবাদ। এর মধ্যে রয়েছে পিআরএসসি-ইও১, পাকস্যাট এমএম১, আইকিউব-কিউ, পিআরএসএস-১ এবং পাক টিইএস ১এ।

পাকিস্তানের পিআরএসএস-১ স্যাটেলাইটের বিশেষত্ব হলো, এটি বিশ্বের যেকোনো স্থানের ছবি প্রায় চার দিন পরপর ধারণ করতে পারে। স্যাটেলাইটটিতে অপটিক্যাল ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা বিভিন্ন ধরনের ভৌগোলিক ও স্থাপনা-সংক্রান্ত তথ্য সংগ্রহে সহায়তা করে। এর মাধ্যমে মাত্র এক মিটার দৈর্ঘ্যের যেকোন বস্তু বা অবকাঠামো পর্যবেক্ষণ করা সম্ভব।

এ ছাড়া পাকিস্তানের পাকস্যাট এমএম১ স্যাটেলাইট যোগাযোগ ও টেলিযোগাযোগ সেবার জন্য তৈরি করা হয়েছে। চীনের প্রযুক্তিগত সহযোগিতায় নির্মিত এই স্যাটেলাইটে বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহারের সক্ষমতা রয়েছে।

শুধু মহাকাশে স্যাটেলাইট স্থাপন নয়, সেগুলোর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য ভূমিভিত্তিক নজরদারি ব্যবস্থাও গড়ে তুলছে দুই দেশ। এ ক্ষেত্রে এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেইজড স্পেস অবজেক্ট অবজারভেশন সিস্টেম (এপিওএসওএস) প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে।

চীনের নেতৃত্বাধীন এই প্রকল্পের আওতায় মহাকাশে থাকা স্যাটেলাইটসহ বিভিন্ন বস্তু শনাক্ত ও পর্যবেক্ষণে ভূমিতে বিশেষ টেলিস্কোপ স্থাপন করা হয়েছে। পাকিস্তানও এই প্রকল্পের একটি পর্যবেক্ষণকেন্দ্রের আয়োজক দেশ। পাকিস্তানের পাশাপাশি পেরু ও ইরানেও এ ধরনের পর্যবেক্ষণকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্র থেকে পাওয়া তথ্য চীনের বেইজিংয়ে অবস্থিত ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজে পাঠানো হয়।

বিশ্লেষকদের মতে, চীন-পাকিস্তানের এই সহযোগিতা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের সঙ্গে ড্রোন, বিমান, রাডার ও গোয়েন্দা নেটওয়ার্কের তথ্য যুক্ত করা হলে প্রতিপক্ষের সামরিক তৎপরতা সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাওয়া সম্ভব।

এ ধরনের সমন্বিত নজরদারি ব্যবস্থা সামরিক পরিকল্পনা, সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য সংঘাতের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে মহাকাশ প্রযুক্তিতে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: দ্য প্রিন্ট

এমএইচআর