Dhaka Mail Logo

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে ইরানের যেকোনো শর্ত মানতে রাজি ৫৫ শতাংশ মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবিলম্বে বন্ধ করার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ মার্কিন নাগরিক। যুদ্ধ বন্ধ করতে গিয়ে ইরানের কঠোর শর্তগুলো  মেনে নিতে হলেও তাতে আপত্তি নেই তাদের। নতুন এক জনমত জরিপে এমন চিত্র উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোস পরিচালিত ওই জরিপে দেখা গেছে, ইরানের শর্ত যা-ই হোক, অবিলম্বে সংঘাত বন্ধ করার পক্ষে মত দিয়েছেন ৫৫ শতাংশ মার্কিন নাগরিক। বিপরীতে ২১ শতাংশ বর্তমান সামরিক কৌশল অব্যাহত রাখার এবং ১৮ শতাংশ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার পক্ষে।

গত ২০ থেকে ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের ১ হাজার ২২ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এ জরিপ চালানো হয়। এর ফলাফলে ভুলের সম্ভাব্য সীমা ৩ দশমিক ২ শতাংশ।

জরিপে দলীয় পরিচয়ের ভিত্তিতে ফলাফলে বড় পার্থক্য দেখা গেছে। ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে ৮০ শতাংশ যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে। স্বতন্ত্র ভোটারদের মধ্যে এ হার ৫৯ শতাংশ। অন্যদিকে রিপাবলিকান সমর্থকদের মাত্র ২৫ শতাংশ একই মত দিয়েছেন।

জরিপে আরও দেখা গেছে, ডেমোক্র্যাটদের ৫৩ শতাংশ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অর্থায়ন বন্ধ করতে কংগ্রেসের উদ্যোগকে সমর্থন করেন। এমনকি আসন্ন বাজেট আলোচনায় যুদ্ধের অর্থায়ন বন্ধ করতে গিয়ে সরকারের কার্যক্রম অচল হয়ে পড়ার ঝুঁকি থাকলেও ৫১ শতাংশ ডেমোক্র্যাট তাতে সমর্থন জানিয়েছেন।

যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

যুদ্ধ শুরুর পেছনে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া যুক্তি নিয়েও মার্কিন নাগরিকদের মধ্যে সংশয় রয়েছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি দুর্বল করার লক্ষ্য কতটা অর্জিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জরিপে অংশ নেওয়া মাত্র ২৮ শতাংশ মনে করেন, যুদ্ধের ফলে পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে ইরানের অবস্থান দুর্বল হয়েছে। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও মার্কিন নাগরিকদের মধ্যে উদ্বেগ রয়েছে। 

জরিপে ৩৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, বর্তমানে প্রণালিটির নিয়ন্ত্রণ ইরানের হাতে। বিপরীতে মাত্র ১২ দশমিক ৭ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্র এর নিয়ন্ত্রণে রয়েছে।

ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধ

যুদ্ধ বন্ধের দাবি জোরালো হলেও কীভাবে তা বাস্তবায়ন করা হবে, তা নিয়ে ডেমোক্র্যাট পার্টির নেতাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। দলের প্রগতিশীল অংশ সামরিক অভিযানের অর্থায়ন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে। তবে দলের শীর্ষ নেতৃত্ব এখনো এ ধরনের পদক্ষেপে পুরোপুরি সম্মতি দেয়নি।

সিনেটর বার্নি স্যান্ডার্স ও ক্রিস ভ্যান হোলেনসহ কয়েকজন প্রগতিশীল নেতা যুদ্ধের অর্থায়ন বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে হাকিম জেফরিস ও চাক শুমার যুদ্ধ বন্ধের পক্ষে কথা বললেও অর্থায়ন বন্ধে কঠোর অবস্থান নেবেন কি না, তা স্পষ্ট করেননি।

জরিপের প্রধান গবেষক শিবলি তেলহামি আলজাজিরাকে বলেন, যুদ্ধ বন্ধের পক্ষে মানুষের সমর্থন কতটা শক্তিশালী, তা নিয়ে তারা আগে থেকেই ধারণা করেছিলেন। তবে যুদ্ধ বন্ধের জন্য মানুষ কতটা ছাড় দিতে প্রস্তুত, সেটিই ছিল তাদের কাছে নতুন বিষয়।

সূত্র: আলজাজিরা

এমএইচআর