Dhaka Mail Logo

আন্তর্জাতিক

আরও সাড়ে ৬ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই আরও ৬ হাজার ৮০৩ জন রোহিঙ্গা মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে মালয়েশিয়া।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়া পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেন, আগামী ৬ ও ৭ ডিসেম্বর মিয়ানমারের নৌবাহিনীর তিনটি জাহাজে করে ১ হাজার ৫০০ জনকে ফেরত পাঠানো হবে। এছাড়া ডিসেম্বর মাসজুড়ে আরও ৫ হাজার ৩০৩ জনকে বিমানে করে মিয়ানমারে পাঠানো হবে। বিমানযোগে ফেরত পাঠানোর সব খরচ বহন করবে মিয়ানমার সরকার। সব মিলিয়ে ফেরত পাঠানো হবে ৬ হাজার ৮০৩ জনকে। 

এ বছর এখন পর্যন্ত ১০ হাজার ৪৭৬ জন মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান আনোয়ার ইব্রাহিম। 

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের এক সপ্তাহের মধ্যেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ ঘোষণা এসেছে।

রায়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা করার নির্দেশও দিয়েছে আইসিজে।

আরও পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায় বাস্তবায়নে কাজ করবে মালয়েশিয়া

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

তবে মিয়ানমারে এখনো সামরিক সংঘাত চলছে। বিশেষ করে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে লড়াইয়ের কারণে রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। 

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এর আগে সতর্ক করে বলেছে, বর্তমান পরিস্থিতিতে মিয়ানমারে ফেরত পাঠানো শরণার্থীদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

গত সেপ্টেম্বরে প্রায় দেড় হাজার মিয়ানমারের নাগরিককে নৌপথে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় মালয়েশিয়া। ওই প্রত্যাবাসন কর্মসূচি নিয়েও জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো আপত্তি জানায়। 

ফেরত পাঠানো ব্যক্তিদের কেউ কেউ মিয়ানমারে সামরিক হেফাজতে রয়েছেন—এমন খবরের পর গত অক্টোবরে মালয়েশিয়া বিষয়টি নিয়ে মিয়ানমারের কাছে ব্যাখ্যা চেয়েছিল।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার জন্য মালয়েশিয়ার ওপর চাপ বাড়ছে। 

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি শেষে মালয়েশিয়ায় মিয়ানমার থেকে আসা নিবন্ধিত শরণার্থীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৯৩ হাজার। তাদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা।

সূত্র: আলজাজিরা

এমএইচআর