Dhaka Mail Logo

আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

মহাকাশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। চলতি বছরের শেষে, এমনকি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি উৎক্ষেপণ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। 

সোমবার (২৩ নভেম্বর) জার্মানির সংবাদমাধ্যম এনডিআর, ডব্লিউডিআর এবং পত্রিকা জুডডয়চে সাইটুংয়ের এক যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা- বিএনডি এবং পশ্চিমা গোয়েন্দা তথ্যের বরাতে প্রতিবেদন বলা হয়েছে, রাশিয়ার তৈরি স্যাটেলাইটটির নাম ‘স্পুটনিক-এস’। কয়েক বছর আগেই স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে। বর্তমানে এটি মস্কো অঞ্চলে সংরক্ষিত রয়েছে।

নভেম্বরের শুরুতে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে আদান-প্রদান করা গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হতে পারে। জার্মান সামরিক কর্মকর্তাদের ধারণা, ডিসেম্বরেই এটি উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে। 

জার্মান সংবাদমাধ্যমগুলো আরও দাবি করেছে, স্যাটেলাইটটি কক্ষপথে স্থাপনের পর পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে শত্রুপক্ষের স্যাটেলাইট নেটওয়ার্ক ধ্বংস বা অকার্যকর করার সক্ষমতা তৈরি করতে পারে। বিশেষ করে ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে পশ্চিমা কর্মকর্তাদের আশঙ্কা। 

এদিকে রাশিয়ার সম্ভাব্য এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, মহাকাশ থেকে আসা যেকোনো হুমকি মোকাবিলায় জোটটি প্রস্তুত রয়েছে। ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হবে।

জার্মান চ্যান্সেলর মের্ৎস বলেন, ‘মহাকাশে পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনার খবর নতুন নয়। তবে এমন পদক্ষেপের সম্ভাবনা উদ্বেগজনক। জার্মান সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে’। 

অন্যদিকে রাশিয়ার ক্রেমলিন ও বার্লিনে অবস্থিত রুশ দূতাবাস অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তিনি প্রতিবেদনটি দেখেননি। তবে ‘অজ্ঞাত সূত্রের’ বরাত দিয়ে প্রচারিত খবর গুরুত্ব সহকারে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন তিনি।

বার্লিনের রুশ দূতাবাসের দাবি, এসব অভিযোগ ভিত্তিহীন এবং রাশিয়ার মহাকাশ কার্যক্রমকে বদনাম করার উদ্দেশ্যে প্রচারণার অংশ। দেশটির মহাকাশ কার্যক্রম আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনেই পরিচালিত হচ্ছে বলে দাবি করেছে মস্কো। 

উল্লেখ্য, ১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ অনুযায়ী পৃথিবীর কক্ষপথে পারমাণবিক অস্ত্র বা অন্য কোনো গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ। রাশিয়াও এই চুক্তির স্বাক্ষরকারী দেশ। ফলে অভিযোগ সত্য হলে মস্কোর এমন পদক্ষেপ আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

এর আগে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, রাশিয়া পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে প্রতিপক্ষের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম অস্ত্র তৈরি করছে। তবে তখনও মস্কো অভিযোগ অস্বীকার করেছিল।

সূত্র: রয়টার্স, বিবিসি

এমএইচআর