Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৭ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। সম্প্রতি ফাঁস হওয়া রুশ সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে রাশিয়ার দুটি স্বাধীন সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনা।

সোমবার (২৩ নভেম্বর) এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট থেকে বেলারুশের হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস’ এবং ইউক্রেনের হ্যাকার গোষ্ঠী ‘সাইলেন্ট ক্রো’ রাশিয়ার ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদের একটি বিশাল তথ্যভান্ডার সংগ্রহ করেছে। এসব তথ্য সংগ্রহ করে সংবাদমাধ্যমগুলোর হাতে তুলে দেয় তারা।

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ নাগাদ রাশিয়ার সরকারি নথিতে অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে অনেক সেনার মৃত্যুর তথ্য সরকারি নথিতে অন্তর্ভুক্ত হতে দীর্ঘ সময় লাগে। এছাড়া নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত অনেক সেনাও বাস্তবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

এতে আরও বলা হয়, আলেকজান্ডার কোরেপানভ ২০২৩ সালের আগস্টে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। যুদ্ধে তিনি দুইবার আহত হন। কিন্তু প্রতিবারই চিকিৎসা শেষে তাকে আবারও সম্মুখযুদ্ধে পাঠানো হয়। ২০ মাস যুদ্ধ করার পর ২০২৫ সালের ১১ মে পূর্ব ইউক্রেনের শহর পোকরভস্কের কাছে উসপেনোভকা গ্রামে নিহত হন ৫২ বছর বয়সী এই রুশ সেনা।

সেই সপ্তাহে কোরেপানভের সঙ্গে আরও পাঁচ হাজারের বেশি রুশ সেনা প্রাণ হারান। ওই সময় রুশ সেনাবাহিনীর দৈনিক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল গড়ে ৭২০ জনে, যা পুরো যুদ্ধের মধ্যে সর্বোচ্চ। তাদের অন্তত এক-তৃতীয়াংশ নিহত হয়েছিলেন পোকরভস্কের আশপাশে। ওই এলাকায় বসন্তকালীন সামরিক অভিযানে মস্কো কয়েক দশ হাজার সেনা মোতায়েন করেছিল।

এসব বিষয় বিবেচনায় নিয়ে গাণিতিক ও মহামারিবিদ্যাভিত্তিক মডেল ব্যবহার করে মেদুজা ও মিডিয়াজোনা ধারণা করেছে, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত  রুশ সেনাদের প্রকৃত মৃত্যুর সংখ্যা ৭ লাখ ২০ হাজার বা তারও বেশি হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের শেষ দিকেই রাশিয়ার নিহত সেনার সংখ্যা প্রায় ৫ লাখ ৩০ হাজারে পৌঁছেছিল বলে ধারণা করা হচ্ছে। 

ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণে আরও দেখা গেছে, ২০২৫ সালে রাশিয়ার ৬৫ বছরের কম বয়সী পুরুষদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছিল যুদ্ধ। বিশেষ করে তরুণ সেনাদের মধ্যে যুদ্ধজনিত মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেড়েছে।

প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেন—কোনো পক্ষই নিয়মিতভাবে নিজেদের সেনাদের হতাহতের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে না। ফলে যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতি নির্ধারণ করা কঠিন। 

ইউক্রেনের দাবি এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর হিসাবেও রুশ সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উঠে এসেছে।

সর্বশেষ ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রাশিয়ার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ৫ হাজার ৯৩৭ জন রুশ সেনা নিহত হওয়া বিষয়টি নিশ্চিত করেছিলেন। এরপর থেকে মস্কো আর আনুষ্ঠানিকভাবে মোট সামরিক মৃত্যুর হিসাব হালনাগাদ করেনি। 

অন্যদিকে গত ২৩ মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপিত এক বক্তব্যে প্রায় পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধে রাশিয়ার প্রায় ১৩ লাখ ১৫ হাজার সেনা হতাহতের উল্লেখ করা হয়েছে। এর মধ্যে নিহত ও গুরুতর আহত উভয়ই অন্তর্ভুক্ত।

সূত্র: দ্য গার্ডিয়ান, দ্য নিউইয়র্ক টাইমস 


এমএইচআর