আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম
মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী হিসেবে চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে মহাকাশে যাচ্ছেন মুহাম্মদ জিশান আলী। আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণের কথা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এক সংবাদ সম্মেলনে তার নাম ঘোষণা করে চীনের মহাকাশ সংস্থা- চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ)। তার এই যাত্রার মধ্য দিয়ে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী প্রবেশ করতে যাচ্ছেন।
সিএমএসএ-এর মুখপাত্র ঝাং জিংবো জানিয়েছেন, তিন সদস্যের এই অভিযানে জিশান আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকবেন চীনের দুই নভোচারী তাং হংবো এবং উ ই। তাং হংবো মিশন কমান্ডারের দায়িত্বে থাকবেন এবং উ ই থাকবেন ফ্লাইট পাইলট হিসেবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, জিশান আলী প্রায় এক সপ্তাহ মহাকাশে অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় চীনা নভোচারীদের সঙ্গে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন তিনি। পুরো অভিযানে প্রায় ৯০টি পরীক্ষা পরিচালনার পরিকল্পনা রয়েছে।
অভিযান শেষে তিনি শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন। ওই মহাকাশযানটি গত মে মাসে তিয়াংগং মহাকাশ স্টেশনে যুক্ত হয়েছিল।

জিয়ায়ুগুয়ানে সংবাদ সম্মেলনে জিশান আলী বলেন, ‘আমি পাকিস্তানের নাম ও ২৫ কোটি পাকিস্তানির আশা-আকাঙ্ক্ষা কাঁধে নিয়ে মহাকাশে যাচ্ছি।’
চীন সরকারের প্রতি কৃতজ্ঞা জানিয়ে তিনি বলেন, ‘আমি মহাকাশ ভ্রমণের দক্ষতা অর্জন করেছি। চীনের মহাকাশচারী কেন্দ্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মী এবং প্রশিক্ষকেরা আমাকে ব্যাপক প্রশিক্ষণ দিয়েছেন। দিনের পর দিন আমি আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি।’
পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জিশান আলীর এই অর্জনকে দেশটির মহাকাশ গবেষণার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘এই যৌথ অভিযান চীন ও পাকিস্তানের পারস্পরিক আস্থা এবং দীর্ঘদিনের কৌশলগত সহযোগিতার প্রতিফলন’।
এরআগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা- সুপারকো এবং চীনের মানববাহী মহাকাশ এজেন্সির (সিএমএসএ) মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় গত এপ্রিলে পাকিস্তানের দুই পাইলট মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদকে নভোচারী প্রশিক্ষণের জন্য নির্বাচিত করে সংস্থাটি।
কয়েক মাস ধরে বেইজিংয়ের চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিয়েছেন তারা। তাদের মধ্য থেকে আজ জিশান আলীকে চূড়ান্তভাবে মহাকাশ অভিযানের জন্য নির্বাচন করা হয়।
গত এপ্রিলে নির্বাচিত দুই পাইলট মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অভিনন্দন জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
তিনি বলেন, ‘এই মহাকাশ অভিযান সমগ্র জাতির জন্য গর্বের বিষয়’।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মহাকাশ কর্মসূচিতে বিভিন্ন দেশের নভোচারীরা অংশ নিলেও চীনের নিজস্ব মানববাহী মহাকাশ কর্মসূচিতে বিদেশি নভোচারীর অংশগ্রহণের ঘটনা ঘটেনি। তবে চীন সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের মহাকাশ কর্মসূচি ব্যাপকভাবে সম্প্রসারণ করেছে।
২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্যও রয়েছে দেশটির। এই প্রেক্ষাপটে পাকিস্তানের অংশগ্রহণ চীনের মহাকাশ কর্মসূচিতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: ডন
এমএইচআর