আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম
২০১৭ সালে সংঘটিত রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
সোমবার (২৩ নভেম্বর) ১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে আইসিজের রায়ের প্রতি সমর্থন ও স্বীকৃতির কথা জানান।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী ১৪টি দেশ হলো—অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য।
যৌথ বিবৃতিতে বলা হয়, গাম্বিয়ার করা মামলায় আইসিজে গণহত্যা সনদের অধীনে মিয়ানমারের আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘনের বিষয়টি প্রতিষ্ঠিত করেছে। আদালতের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। তাই আন্তর্জাতিক আইন ও আদালতের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছে দেশগুলো।
বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে ভয়াবহ সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন। তাদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে আইসিজের রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং টেকসইভাবে নিজ দেশে ফেরার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে গতকাল সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড দেশটির পার্লামেন্টে দেওয়া বক্তব্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন। একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর চারজন মেজর জেনারেল ও একজন ব্রিগেডিয়ার জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দেন।
ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর হত্যাকাণ্ড ও দমন-পীড়নে সংশ্লিষ্ট সেনাদের তদারকির অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তাদের সম্পদ জব্দ, যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক পদে থাকার ক্ষেত্রে অযোগ্য ঘোষণার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়ের প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের মানবিক সহায়তায় অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিতে আরও ৩০ লাখ পাউন্ড সহায়তা দেওয়া হবে।
এছাড়া মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় ব্যবহৃত জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের পরিকল্পনাও জানিয়েছে লন্ডন।
সূত্র: এএফপি/ফ্রান্স২৪
এমএইচআর