আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম
২০৭০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠীর দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করতে পারে পাকিস্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা- পিউ রিসার্চ সেন্টারের নতুন এক জনসংখ্যা পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।
গত ১৮ নভেম্বর প্রকাশিত ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০’ শীর্ষক গবেষণা অনুযায়ী, ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ৩৬০ কোটি হতে পারে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ। বর্তমানে বিশ্ব জনসংখ্যার প্রায় ২৬ শতাংশ মুসলিম।
এতে বলা হয়েছে, ২০৭০ সালে পাকিস্তানে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ৪৬ কোটি ১০ লাখে দাঁড়াতে পারে। বর্তমানে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া থাকলেও আগামী কয়েক দশকে দেশটিকে ছাড়িয়ে যাবে পাকিস্তান।
অন্যদিকে ২০৭০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশগুলোর তালিকায় পাকিস্তানের পর দ্বিতীয় অবস্থানে থাকবে ভারত। দেশটিতে মুসলিম জনসংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৩৩ কোটি ৪০ লাখ।
তৃতীয় অবস্থানে উঠে আসতে পারে নাইজেরিয়া, যেখানে মুসলিম জনসংখ্যা হতে পারে প্রায় ২৮ কোটি ২০ লাখ। অন্যদিকে ইন্দোনেশিয়া নেমে যাবে চতুর্থ অবস্থানে। দেশটিতে মুসলিম জনসংখ্যা দাঁড়াতে পারে প্রায় ২৭ কোটি ৪০ লাখ।
বাংলাদেশ থাকবে পঞ্চম অবস্থানে। ২০৭০ সালে দেশের মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ২১ কোটি ৮২ লাখ হতে পারে।
গবেষণাটি আগামী ৫০ বছরের সময়কালে বিশ্বের ধর্মভিত্তিক জনসংখ্যার গঠন কীরকম হতে পারে, তার একটা অনুমান দিয়েছে। এই গবেষণা চালানো হয়েছে ২০১টি দেশ ও অঞ্চলের তথ্যের ওপর ভিত্তি করে, এসব এলাকায় বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস।।
পিউ রিসার্চ সেন্টারের এই গবেষণায় ২০২০ থেকে ২০৭০ পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার ওপরে নজর রাখা হয়েছে। গোষ্ঠীগুলো হলো মুসলিম, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং কোনো ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করেন না এমন মানুষদেরকেও এই তালিকায় যুক্ত করা হয়েছে।
এই সাতটি ধর্মীয় গোষ্ঠীর প্রতিটির জনসংখ্যা ও গড় বয়স ২০২০ সালের আদমশুমারি ও জরিপের তথ্যে যা ছিল, তার সঙ্গে প্রজনন হারের পার্থক্য ও ধর্ম পরিবর্তনের মতো বিষয়গুলিকেও যুক্ত করা হয়েছে।
পিউর তথ্য অনুযায়ী, ২০২০ সালে ইন্দোনেশিয়ায় মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২৩ কোটি ৯৯ লাখ। একই সময়ে পাকিস্তানে ছিল ২২ কোটি ৬৯ লাখ, ভারতে ২১ কোটি ৩১ লাখ এবং বাংলাদেশে ১৫ কোটি ১৪ লাখ।
গবেষণায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে তুলনামূলক উচ্চ জন্মহার ও তরুণ জনগোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। অন্যদিকে অমুসলিম নারীদের ক্ষেত্রে এ হার ছিল ২ দশমিক ০।
সূত্র: বিবিসি
এমএইচআর