Dhaka Mail Logo

আন্তর্জাতিক

আমিরাতে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুবাই থেকে প্রায় ১১০ কিলোমিটার (৬৮ মাইল) দূরে অবস্থিত আল ওয়াতান সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্স ও জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়। তারা উদ্ধার ও জরুরি চিকিৎসা কার্যক্রম পরিচালনার পাশাপাশি দুর্ঘটনাস্থল নিরাপদ করে এবং যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করে।

তবে নিহত ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

এদিকে কী কারণে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলে দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়াও দুর্ঘটনা নিয়ে গুজব বা যাচাইহীন তথ্য প্রচার না করে সরকারি সূত্রের ওপর নির্ভর করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দুই দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন।

সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন আমিরাতের নাগরিক এবং চারজন ভারতীয় নাগরিক ছিলেন। 

সূত্র: গালফ নিউজ


এমএইচআর