Dhaka Mail Logo

আন্তর্জাতিক

তাজমহল দেখতে গিয়ে না ফেরার দেশে ৪ শিক্ষার্থী 

আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ পিএম

ভারতের উত্তরপ্রদেশের কনৌজে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চার শিশু শিক্ষার্থীর। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩২ জন।

মঙ্গলবার ভোর ৬টা নাগাদ লাখনৌ-আগরা এক্সপ্রেসওয়ের ওপন একটি স্কুলবাসের পিছনে ধাক্কা মারে দ্রুত বেগে ছুটে আসা একটি ট্রাক। 

বাসে ছিলেন ৫০ জন যাত্রী, যাদের অধিকাংশই স্কুলপড়ুয়া। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চার স্কুলপড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিক্ষামূলক ভ্রমণের জন্য কৌশাম্বীর একটি স্কুলের পড়ুয়ারা তাজমহলে গিয়েছিলেন। সেখান থেকে তাদের নিয়ে ফিরছিল স্কুলবাসটি। 

পড়ুয়াদের কয়েক জন শৌচকর্ম সারতে নীচে নামায় বাসটি সড়কের একপাশে দাঁড়িয়ে ছিল। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছন দিকে ধাক্কা মারে ট্রাকটি। 

ফলে স্কুলবাসের পিছন দিকটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। কার্যত দুমড়েমুচড়ে গিয়েছে ওই অংশটি।

পুলিশ সুপার বিনোদ কুমার জানিয়েছেন, দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দা এবং উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট অথরিটির কর্মীরা উদ্ধারকাজে হাত লাগান। 

তার পর আহতদের নিকটবর্তী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের চার জনের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।

পুলিশ জানায়, আহতদের মধ্যে স্কুল ম্যানেজার এবং এক পড়ুয়ার অবশ্য আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের কানপুরে স্থানান্তরিত করা হয়েছে। 

হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন জেলা প্রশাসক। যে সব পড়ুয়া আহত হয়নি, তাদের অন্য বাসে করে বাড়ি পাঠানো হয়েছে।

-এমএমএস