Dhaka Mail Logo

আন্তর্জাতিক

জাহাজে হামলা, ইউক্রেনকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ এএম

লিবিয়া ও বাল্টিক সাগরে রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় কিয়েভকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এসব হামলার জন্য ইউক্রেনকে ‘বেদনাদায়ক পরিণতি’ ভোগ করতে হবে বলেও সতর্ক করেছে রাশিয়া। একই সঙ্গে বাল্টিক অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির জন্যও ইউক্রেনকে দায়ী করেছে ক্রেমলিন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিষয়টি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখভাল করছে।

তিনি বলেন, উপযুক্ত মনে করলে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাবে। পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলা অব্যাহত থাকবে।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, ‘আমাদের সামরিক সদস্যরা প্রতিদিন ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ও সমন্বিত হামলা চালিয়ে যাচ্ছেন। এই কর্মকাণ্ডের পরিণতি কিয়েভের শাসকদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’

বাল্টিক সাগরে হামলার ঘটনাকে ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির কারণ উল্লেখ করে পেসকভ বলেন, বাল্টিক অঞ্চলের দেশগুলো কিয়েভকে এ ধরনের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বন্ধে চাপ দিতে নিজেদের প্রভাব কাজে লাগাবে বলে মস্কো আশা করে।

সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রোববার বেনগাজির একটি নৌঘাঁটিতে রুশ করভেট যুদ্ধজাহাজ ‘মারকুরি’ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনের বাহিনী। এ ছাড়া রাশিয়া অস্ত্র পরিবহনে ব্যবহার করে-এমন একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে।

এদিকে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলিভিত্তিক সরকারের প্রতিদ্বন্দ্বী দেশটির পূর্বাঞ্চলীয় সরকার জাতিসংঘে অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, এসব হামলার মাধ্যমে লিবিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। পশ্চিম লিবিয়ায় ইউক্রেনের সামরিক সদস্যদের উপস্থিতি থাকার অভিযোগেরও আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে তারা।

মস্কোর সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ ও নৌযান লক্ষ্য করে ইউক্রেনের অভিযান জোরদারের অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া যে ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহর ব্যবহার করে, এসব জাহাজ তার সঙ্গে সংশ্লিষ্ট।

শনিবার বাল্টিক সাগরের আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলায় আগুন ধরে যায় কালিনিনগ্রামগামী ‘স্পার্টা-২’ জাহাজে। ফিনল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে।

এ হামলারও সমালোচনা করেছেন পেসকভ। তার ভাষায়, এটি একটি ‘অত্যন্ত বিপজ্জনক প্রবণতা’। এ হামলার মধ্য দিয়ে সামুদ্রিক পরিবহনের ওপর রাশিয়ার ক্রমবর্ধমান নির্ভরশীলতার বিষয়টি সামনে এসেছে। সূত্র: আল জাজিরা।

এমআর