Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ভারতে ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি 

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। ২০১৮ সালের একটি মানহানির মামলায় আদালতে হাজির না হওয়ায় এ আদেশ দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ নভেম্বর) দিল্লির সাকেত আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট অনাম রাইস খান এ পরোয়ানা জারি করেন। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর।

মামলাটি দায়ের করেছিলেন বিকাশ সাংকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে। তিনি ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামের একটি ফেসবুক পেজের প্রতিষ্ঠাতা। ২০১৮ সালে ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট-২’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে বিজেপির আইটি সেলের বিরুদ্ধে বিকাশ পান্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করার অভিযোগ তোলা হয়েছিল।

ধ্রুব রাঠির ওই অভিযোগকে মিথ্যা ও মানহানিকর দাবি করে আদালতের দ্বারস্থ হন বিকাশ পান্ডে। তাঁর অভিযোগ, ভিডিওটির মাধ্যমে তাঁর ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করা হয়েছে।

ভিডিওটি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। এ ঘটনায় ধ্রুব রাঠি ও কেজরিওয়ালের বিরুদ্ধে পৃথকভাবে মানহানির মামলা করেন অভিযোগকারী।

আদালত ২০১৯ সালের জুলাই মাসে প্রথম ধ্রুব রাঠিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে জারি করা সমন যথাযথভাবে পৌঁছানো এবং আদালতে উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়নি। এর আগে গত ১৭ অক্টোবর তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে ৩১ অক্টোবর আবারও নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি করেন আদালত।

সর্বশেষ আদালত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করলেন। মামলার পরবর্তী শুনানিতে ধ্রুব রাঠির উপস্থিতি নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদির কট্টর সশালোচক হিসেবে পরিচিত  ধ্রুব রাঠি বর্তমানে অস্ট্রিয়ায় বসবাস করেন। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে বিশ্লেষণধর্মী ভিডিও তৈরির জন্য তিনি ভারতে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত।

সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (এসআইআর) নিয়ে দেশজুড়ে শুরু হওয়া প্রতিবাদে সরাসরি অংশ নেন ধ্রুব রাঠি। গত ৮ অক্টোবর কর্ণাটকের বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ককরোচ জণতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভে যোগ দিয়ে আলোচনায় আসেন তিনি। সেখানে অভিনেতা প্রকাশ রাজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মীও উপস্থিত ছিলেন।

১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে একই দাবিতে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে গুরুগ্রামে নিজের বাসা থেকে তাকে আটক করে দিল্লি পুলিশ। 

এদিকে আন্দোলনে ধ্রুব রাঠির অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়। তাঁর নাগরিকত্ব ও ভারতে অবস্থানের ভিসার শর্ত নিয়ে তদন্তের দাবি জানান বিজেপি নেতা ভাস্কর রাও।

সূত্র: এনডিটিভি

এমএইচআর