আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং যৌথ নিরাপত্তা নিশ্চিতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে পাকিস্তান ও মালয়েশিয়া।
সোমবার (২৩ নভেম্বর) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার বিষয়ে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা।
পাকিস্তানের আন্তঃবাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এবং পরিবর্তনশীল আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন দুই নেতা।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পাকিস্তান ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্কের প্রশংসা করেন। বিশেষ করে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মালয়েশিয়ার গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে পাকিস্তানের অঙ্গীকারের কথা জানান তিনি।
আইএসপিআর আরও জানিয়েছে, একই দিনে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ বিন নরদিনের সঙ্গেও বৈঠক করেন আসিম মুনির। সেখানে সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতার সম্প্রসারণ এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়।
এরআগে কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পৌঁছালে আসিম মুনিরকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় মালয়েশিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল তান শ্রী হাজি মালেক রাজাক সুলাইমান এবং দেশটির সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার ন্যাশনাল ডিফেন্স স্টাডিজ সেন্টার পরিদর্শনের কথা রয়েছে আসিম মুনিরের। সেখানে প্রতিষ্ঠানটির মর্যাদাপূর্ণ ‘হল অব ফেম’-এর ২১তম সদস্য হিসেবে তাকে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
সূত্র: ডন
এমএইচআর