Dhaka Mail Logo

আন্তর্জাতিক

নিয়ন্ত্রণে নেই ইমরান খানের রক্তচাপ: দাবি চিকিৎসকের

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জেলবন্দি ইমরান খানের শারীরিক পরিস্থিতি ভালো নয়। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন না-হলে বিপদ হতে পারে, এমনটাই দাবি করছেন ইমরানের দীর্ঘদিনের চিকিৎসক ফয়সল খাতুন।

ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরানের রক্তচাপে নিয়ন্ত্রণে নেই। 

এই পরিস্থিতিতে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে না-নিয়ে যাওয়া হলে অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

৩০ বছর ধরে ইমরানের চিকিৎসা করা ফয়সল বলেন, এই রকম রক্তচাপ নিয়ে আমার কাছে কোনও রোগী এলে আমি তাকে তৎক্ষণাৎ ভালো কোনও হৃদ্‌রোগ বিশেষজ্ঞের কাছে যেতে বলতাম। ইমরানের রক্তচাপ কয়েক দিনের মধ্যে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।

ইমরানের চিকিৎসক এ-ও দাবি করেছেন যে, উচ্চ রক্তচাপ দ্রুত নিয়ন্ত্রণে আনা না-গেলে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর কিডনি, হৃদ্‌যন্ত্র ও চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রসঙ্গক, কয়েক দিন আগেই ৭৪ বছর বয়সি ইমরান নিজের এবং তার স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার মারাত্মক অবনতির কথা জানিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি চিঠি লেখেন। 

গত সোমবার ইমরান খানের আইনজীবী সালমান সমাজমাধ্যমে চিঠিটি প্রকাশ করেন। চিঠিতে নিজের প্রাণসংশয়ের আশঙ্কা করে অবিলম্বে চিকিৎসার জন্য আর্জি জানিয়েছেন ইমরান।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান এ-ও দাবি করেন যে, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার প্রবল ঝুঁকি রয়েছে তার। জেলবন্দি বুশরার স্থায়ী ভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের অগস্ট মাস থেকে রওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান খান। তোষাখানা-২ মামলায় ২০২৫ সালে ১৭ বছরের সাজা হয়েছিল ইমরান এবং তার স্ত্রী বুশরা বিবির। 

সেই রায়কে চ্যালেঞ্জ করে ইমরান-বুশরার আবেদন এখন ইসলামাবাদ হাইকোর্টের বিবেচনাধীন। ২০২৪ সালে তোষাখানা-১ মামলায় ১৪ বছর জেলের সাজা হলেও তা ইতিমধ্যেই স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। স্থগিত হয়েছে ‘ন্যাব’ দুর্নীতি মামলা এবং নির্বাচন কমিশনের মামলায় জেলের সাজাও। 

প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে আল-কাদির রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে অবৈধ ভাবে জমি ও সুবিধা নেওয়ার মামলায় তার ১৪ বছরের কারাদণ্ড হয়। এ ছাড়া ‘রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস’-সহ একাধিক মামলা চলছে ইমরানের বিরুদ্ধে।

-এমএমএস