আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম
বিকট বিস্ফোরণের শব্দে রোববার (২২ নভেম্বর) সকালে কেঁপে উঠেছে লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি। বিস্ফোরণের এই শব্দে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্কও দেখা গেছে।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী বেনগাজিতে অবস্থিত একটি নৌঘাঁটির গোলাবারুদের গুদামে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় জরুরি পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল, বাইরের কোনো দেশের বিমান বাহিনীর হামলার কারণে ঘটেছে এ বিস্ফোরণ, কারণ স্থানীয়দের ভাষ্য, বিস্ফোরণের ঠিক পর পর আকাশ দিয়ে উড়োজাহাজ যেতে দেখা গেছে। খবর আনাদোলুর।
বেনগাজি-ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-মাসার টিভি’-তে দেওয়া এক বিবৃতিতে বেনগাজির সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, “আমরা বর্তমানে বেনগাজি নৌঘাঁটির একটি গোলাবারুদের গুদামে ঘটা বিস্ফোরণ পরিস্থিতি সামাল দিচ্ছি।”
তবে লিবিয়ার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বেনগাজি শাখা দপ্তরের কর্মকর্তার জানিয়েছেন, শহরের নৌঘাঁটির ভেতরে থাকা গোলাবারুদের একটি গুদামে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর গুদামটিতে আগুন ধরে গিয়েছিল।
কর্মকর্তারা আরও জানান, স্থানীয় সময় রোববার ভোরের দিকে দমকল বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন উল্লেখ করে কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
এছাড়া, নৌঘাঁটির আশেপাশে ভিড় না করতে এবং যাচাই না করা তথ্য ছড়ানো থেকে বিরত থাকতেও জনসাধারণের প্রতি পরামর্শও দিয়েছেন তারা।
এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে কর্তৃপক্ষের এই ভাষ্য সামনে এল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উপকূলীয় এলাকায় উড়োজাহাজ চলাচল এবং বিমান বিধ্বংসী কামানের মতো শব্দ শোনার কথা উঠে এসেছে।
স্থানীয় কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, একটি অজ্ঞাত উড়োজাহাজ বিমান হামলা চালিয়েছে, আবার কেউ কেউ বলছেন, শহরের ওপর তিনটি উড়োজাহাজ দেখা গেছে।
তবে এসব দাবির কোনোটিই নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। কোনো সরকারি বিবৃতিতে উড়োজাহাজের উপস্থিতির কথা নিশ্চিত করা হয়নি এবং আকাশপথে কথিত এই কর্মকাণ্ডের সঙ্গে বিস্ফোরণের কোনো যোগসূত্রও প্রতিষ্ঠিত হয়নি।
গোলাবারুদের গুদামে কেন বিস্ফোরণ ঘটল, তা এখনো অস্পষ্ট। কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দেয়নি, ফলে এই ঘটনার অনেক দিকই এখনো অজানা রয়ে গেছে।
-এমএমএস