Dhaka Mail Logo

আন্তর্জাতিক

গাজায় খাদ্য বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০২৬, ১১:০৪ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাদ্যসহায়তা বিতরণকারী একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) তাল আল-হাওয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ছাড়া উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। সব মিলিয়ে শনিবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার গাড়িটির ভেতরে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগোসংবলিত কাগজপত্র পাওয়া গেছে। তবে গাড়িটি তাদের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে জানিয়েছে সংস্থাটি। গাজায় খাদ্যসহায়তা বিতরণ করে থাকে ডব্লিউসিকে।

হামলার প্রত্যক্ষদর্শী বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবু জেইন আল-দায়া বলেন, গাড়িটি তাঁবুতে বসবাসকারী দরিদ্র ও বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার ও পানীয় বিতরণ করত। শিশুদের মধ্যে খাবার বিতরণের জন্য গাড়িটি থামতে যাচ্ছিল। ঠিক তখনই ক্ষেপণাস্ত্রের আঘাতে সেটি ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, ‘যারা মানুষকে খাবার দিচ্ছে, তারাই যেন হামলার লক্ষ্যবস্তু।’

এদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন। পরে তার মরদেহ আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।

এর আগে শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে তিনজন আহত হন। তাদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়।

আল-খলিলি বলেন, যুদ্ধবিরতি গাজার মানুষের জীবনে এখনো কোনো পরিবর্তন আনতে পারেনি। ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ সেখানকার মানুষের নিত্যদিনের বাস্তবতা হয়ে রয়েছে।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গত শনিবার পর্যন্ত ১ হাজার ৬৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৭৩৬ জনে।

এমআর